রাজশাহীকে বাসযোগ্য ও দুর্নীতিমুক্ত শহর গড়ার প্রত্যয় আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটের
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬ ৩:৩৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট রাজশাহীকে একটি আধুনিক, নাগরিকবান্ধব, বাসযোগ্য ও দুর্নীতিমুক্ত শহর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন। দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট বলেছেন, রাজশাহীকে একটি সুন্দর, আধুনিক, বাসযোগ্য ও সম্পূর্ণ দুর্নীতিমুক্ত শহর হিসেবে গড়ে তুলতে তিনি আন্তরিকতা ও সততার সঙ্গে কাজ করবেন।
সোমবার বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ প্রত্যয়ের কথা জানান।
আবুল কালাম আজাদ সুইট বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁর ওপর আস্থা রেখে গুরুত্বপূর্ণ এই দায়িত্ব দিয়েছেন। সেই আস্থার প্রতিফলন ঘটাতে তিনি সর্বোচ্চ নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করতে চান।
তিনি বলেন, উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া। পূর্বসূরিদের অভিজ্ঞতা ও পরিকল্পনার ধারাবাহিকতা বজায় রেখেই রাজশাহীর উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। সিনিয়র নেতাদের প্রণীত মাস্টার প্ল্যানের আলোকে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
নবনিযুক্ত চেয়ারম্যান বলেন, দায়িত্ব গ্রহণের পর সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে। একই সঙ্গে নগরের সার্বিক উন্নয়নকে আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হবে।
নাগরিকবান্ধব নগর গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এমন একটি রাজশাহী গড়ে তোলাই তাঁদের লক্ষ্য, যেখানে মানুষ স্বস্তিতে বসবাস করতে পারবে এবং সুস্থ পরিবেশে জীবনযাপন করতে সক্ষম হবে।
তিনি আরও বলেন, উন্নয়ন কর্মকাণ্ড ও প্রয়োজনীয় সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে, যাতে নাগরিকেরা সহজে সেবা পেতে পারেন এবং উন্নয়নের সুফল ভোগ করতে পারেন।
দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির ঘোষণা দিয়ে আবুল কালাম আজাদ সুইট বলেন, প্রতিষ্ঠান ও সমাজ থেকে সব ধরনের অনিয়ম ও দুর্নীতি দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। অতীতে সংঘটিত কোনো অনিয়ম বা দুর্নীতির বিষয়ে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে আনুষ্ঠানিকভাবে নথিতে স্বাক্ষরের মাধ্যমে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এ উপলক্ষে আয়োজিত দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত অতিথি এবং আরডিএর কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা গ্রহণ করেন। পরে তিনি আরডিএ কার্যালয় প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।
১১৭ বার পড়া হয়েছে