খুলনায় মসজিদের ভেতরে গুলিবর্ষণ, দুই মুসল্লি আহত
রবিবার, ১৪ জুন, ২০২৬ ৭:০৫ অপরাহ্ন
শেয়ার করুন:
খুলনা নগরীর দৌলতপুরের ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির জামে মসজিদে ফজরের নামাজের পর দুর্বৃত্তদের গুলিতে দুই মুসল্লি আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
খুলনা নগরীর দৌলতপুর এলাকায় একটি মসজিদের ভেতরে প্রবেশ করে দুই মুসল্লিকে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ রোববার ভোর সাড়ে ৫টার পর ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির জামে মসজিদে এ ঘটনা ঘটে।
আহত দুজন হলেন লোকমান ও আলম। তাঁরা দুজনই স্থানীয় বাসিন্দা। গুলির শব্দ শুনে স্থানীয় মুসল্লিরা তাঁদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, ফজরের নামাজ শেষ হওয়ার পর কয়েকজন দুর্বৃত্ত মসজিদের ভেতরে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে লোকমান ও আলম গুরুতর আহত হন। ঘটনার সময় লোকমান নামাজ শেষে মসজিদের ভেতরে কোরআন তেলাওয়াত করছিলেন বলে জানা গেছে।
দৌলতপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, গুলিবিদ্ধ দুই ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তাঁদের মধ্যে লোকমানের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্যদিকে আলম খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
১২৩ বার পড়া হয়েছে