ঘিওরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ: প্রধান আসামি সাগর গ্রেপ্তার
রবিবার, ১৪ জুন, ২০২৬ ৭:৩৯ অপরাহ্ন
শেয়ার করুন:
মানিকগঞ্জের ঘিওরে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি সাগর (২৮)কে দিনাজপুর থেকে গ্রেপ্তার করেছে র্যাব। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয় বলে জানিয়েছে র্যাব-৪।
মানিকগঞ্জের ঘিওরে এক গৃহবধূকে জোরপূর্বক সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি সাগর (২৮)কে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার দিনাজপুর জেলার বোঁচাগঞ্জ এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
রোববার (১৪ জুন) র্যাব-৪-এর সিপিসি-৩, মানিকগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এস কে এম সাদমান হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার সাগর ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার দক্ষিণ নওটাড়া এলাকার বাসিন্দা এবং মো. মমিন মিয়ার ছেলে। বৈবাহিক সূত্রে তিনি মানিকগঞ্জের ঘিওর উপজেলার বাসুদেববাড়ী এলাকায় বসবাস করতেন বলে জানিয়েছে র্যাব।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি মাসের ৫ জুন রাতে ভুক্তভোগী গৃহবধূ ও তাঁর স্বামী দৌলতপুর থেকে ফেরার পথে ঘিওরের নিলুয়া এলাকায় পৌঁছালে সাগরের নেতৃত্বে কয়েকজন যুবক তাঁদের পথরোধ করে। অভিযোগ অনুযায়ী, পরে গৃহবধূকে পাশের একটি পাটখেতে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। এ সময় তাঁর স্বামীকে একটি নির্জন স্থানে আটকে রাখা হয়।
ভুক্তভোগীর স্বামীর চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলের দিকে এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর ৬ জুন ভুক্তভোগী নারী ঘিওর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। মামলায় সাগরকে প্রধান আসামি এবং আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়।
র্যাব জানায়, গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযানের মাধ্যমে দিনাজপুরের বোঁচাগঞ্জ উপজেলার একটি বাড়ি থেকে সাগরকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে ঘিওর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৪-এর কোম্পানি কমান্ডার মেজর এস কে এম সাদমান হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
১১৮ বার পড়া হয়েছে