বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত পেস বোলিং কোচ হলেন ফরিদপুরের তালহা জুবায়ের
শনিবার, ৬ জুন, ২০২৬ ৪:২৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ভারপ্রাপ্ত পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন ফরিদপুরের কৃতি সন্তান ও সাবেক টাইগার পেসার তালহা জুবায়ের। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে জাতীয় দলের পেস বোলিং বিভাগের দায়িত্ব দিয়েছে।
এর আগে তিনি বাংলাদেশ দলের হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে তরুণ পেসারদের দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
খেলোয়াড়ি জীবনে তালহা জুবায়ের বাংলাদেশের অন্যতম প্রতিশ্রুতিশীল পেসার হিসেবে পরিচিত ছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে দেশের প্রতিনিধিত্ব করার পর কোচিং পেশায় যুক্ত হয়ে ধারাবাহিকভাবে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। তার অভিজ্ঞতা ও কোচিং সামর্থ্যের মূল্যায়ন হিসেবেই জাতীয় দলের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব তার হাতে তুলে দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
তালহা জুবায়েরের এ নিয়োগে ফরিদপুরের ক্রীড়াঙ্গনে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে। জেলার ক্রীড়াপ্রেমীরা আশা করছেন, তার নেতৃত্বে বাংলাদেশ দলের পেস বোলিং ইউনিট আরও শক্তিশালী হবে এবং আন্তর্জাতিক ক্রিকেটে দলের সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
উল্লেখ্য, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর বাংলাদেশ দলের বোলিং কোচের দায়িত্ব ছাড়েন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার অ্যালান ডোনাল্ড। পরে ২০২৫ সালের মে মাসে দায়িত্ব নেন অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার শন টেইট। তার অধীনে বাংলাদেশের তরুণ পেসারদের পারফরম্যান্সে ইতিবাচক পরিবর্তন দেখা যায়।
শন টেইটের বিদায়ের পর আপাতত শূন্য থাকা পেস বোলিং কোচের দায়িত্ব পালন করবেন তালহা জুবায়ের। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে তিনি ভারপ্রাপ্ত কোচ হিসেবে কাজ করবেন। নতুন স্থায়ী পেস বোলিং কোচ নিয়োগ না দেওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।
ক্রিকেট সংশ্লিষ্টদের প্রত্যাশা, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে বাংলাদেশের বোলারদের প্রস্তুতি ও পারফরম্যান্স উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন সাবেক এই টাইগার পেসার।
১৪২ বার পড়া হয়েছে