যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে নড়াইলে সিপিবির বিক্ষোভ
শুক্রবার, ১২ জুন, ২০২৬ ২:৩৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত কথিত অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে নড়াইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নড়াইল জেলা কমিটি।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৫টার দিকে শহরের রূপগঞ্জ মুচিরপোল এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন বাস টার্মিনাল এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবি নড়াইল জেলা কমিটির সভাপতি ও খাশিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি এম বরকত উল্লাহ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও খুলনা জেলা কমিটির সভাপতি এস এ রশিদ।
এছাড়া বক্তব্য দেন সিপিবি নড়াইল জেলা কমিটির সাধারণ সম্পাদক সঞ্জীত রাজবংশী, সাবেক সাধারণ সম্পাদক অঞ্জন রায়, জেলা কমিটির সদস্য প্রবীর রায়, জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক শেখ সুলতান এবং জেলা যুব ইউনিয়নের সভাপতি সিরাজুল ইসলাম শিমুলসহ অন্যান্য নেতারা।
বক্তারা অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে স্বাক্ষরিত পারস্পরিক বাণিজ্য চুক্তিতে একতরফাভাবে যুক্তরাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়েছে। তাদের দাবি, চুক্তির ফলে যুক্তরাষ্ট্রের কৃষিজাত বিভিন্ন পণ্য, যেমন মাংস, মুরগি ও গুঁড়ো দুধসহ অন্যান্য পণ্য বাংলাদেশে সহজে প্রবেশের সুযোগ পাবে, যা দেশের ডেইরি ও পোল্ট্রি খাতের জন্য ক্ষতিকর হতে পারে।
সমাবেশে আরও বলা হয়, চুক্তিতে উল্লেখিত বিভিন্ন শর্ত বাংলাদেশের বাণিজ্য নীতি, শুল্ক নির্ধারণের স্বাধীনতা এবং অর্থনৈতিক স্বার্থের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। পাশাপাশি চুক্তির বিভিন্ন বিষয় জনসম্মুখে প্রকাশ করে একটি শ্বেতপত্র প্রকাশের দাবি জানান বক্তারা।
বক্তারা চুক্তিটি বাতিলের পাশাপাশি এর সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো তদন্তের মাধ্যমে জনসম্মুখে তুলে ধরা এবং দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানান।
বিক্ষোভ কর্মসূচিতে সিপিবি নড়াইল জেলা কমিটি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
১২৪ বার পড়া হয়েছে