প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি, সভাস্থল পরিদর্শনে এমপি কাজল
শুক্রবার, ১২ জুন, ২০২৬ ৪:৩১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
১৩ জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্ধারিত কক্সবাজার সফরকে ঘিরে জেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সফরের বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় রাজনৈতিক নেতারা সমন্বিতভাবে কাজ করছেন।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে কক্সবাজার সদরের পিএমখালী-মাছুয়াখালী এলাকায় প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব লুৎফুর রহমান কাজল। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং চলমান প্রস্তুতির অগ্রগতি তদারকি করেন।
পরিদর্শন শেষে এমপি কাজল বলেন, প্রধানমন্ত্রীর কক্সবাজার সফরকে কেন্দ্র করে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতোমধ্যে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফরটি স্মরণীয় হয়ে থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, কক্সবাজারে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা এবং কক্সবাজার সদর হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করার মতো দীর্ঘদিনের দাবিগুলোর বিষয়ে প্রধানমন্ত্রী ইতিবাচক সিদ্ধান্ত দেবেন বলে জেলার মানুষ প্রত্যাশা করছেন। এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সফরসূচি অনুযায়ী, ১৩ জুন শনিবার সকাল সাড়ে ৮টায় ঢাকা থেকে রওনা হয়ে সকাল ১০টায় আকাশপথে কক্সবাজার পৌঁছাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানবন্দর থেকে সরাসরি কক্সবাজার সদরের পিএমখালী এলাকায় গিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা ‘পাতলীখাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করবেন এবং সেখানে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখবেন।
এরপর দুপুর ১২টায় ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। পরে জুলাই-২৪ আন্দোলনে কক্সবাজারের প্রথম শহীদ ওয়াসিমের কবর জিয়ারত এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। একই সঙ্গে নবগঠিত মাতামুহুরী উপজেলা ও পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।
বিশ্রাম ও মধ্যাহ্নভোজ শেষে বিকেল ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনালে আয়োজিত বিএনপির জনসভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন তারেক রহমান। জনসভা শেষে তিনি মেরিন ড্রাইভ সড়ক পরিদর্শন করবেন।
সন্ধ্যার পর রাত ৮টায় লংবিচ হোটেল অডিটোরিয়ামে আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। নির্ধারিত কর্মসূচি শেষে রাত ১০টায় ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করবেন তিনি।
১২১ বার পড়া হয়েছে