মুন্সীগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা
শুক্রবার, ১২ জুন, ২০২৬ ২:৩৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যে দেশব্যাপী বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন আগামী ১৩ জুন ২০২৬ তারিখে কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক থেকে করবেন মাননীয় প্রধানমন্ত্রী।
এ উপলক্ষে মুন্সীগঞ্জ জেলায় কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৩ জুন (শনিবার) জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান আয়োজনের বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।
সভায় কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি, বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয়, জনসচেতনতা বৃদ্ধি এবং সার্বিক ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি জেলার সর্বস্তরের জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করার ওপর গুরুত্বারোপ করা হয়।
উল্লেখ্য, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের এই বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচি আগামী পাঁচ বছরব্যাপী পরিচালিত হবে।
১২০ বার পড়া হয়েছে