কোস্ট গার্ড স্টেশনে হামলার ঘটনায় উত্তেজনা; সাংবাদিকদের বিরুদ্ধে কটাক্ষের অভিযোগ
শুক্রবার, ১২ জুন, ২০২৬ ৪:৪৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাগেরহাটের মোংলায় বাংলাদেশ কোস্ট গার্ডের হারবারিয়া স্টেশনে হামলা ও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। সচেতন মহলের একটি অংশ ঘটনাটিকে শুধু আইনশৃঙ্খলার অবনতির বিষয় হিসেবে নয়, বরং পরিস্থিতিকে অস্থিতিশীল করার একটি পরিকল্পিত অপচেষ্টা হিসেবেও দেখছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাকে ঘিরে বিভিন্ন মহল নিজেদের স্বার্থসিদ্ধির চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ক্ষেত্রে মিরাজ শেখের পরিবারকে সামনে আনার চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করা হয়েছে। সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, পরিবারটিতে তিনজন নারী সদস্য রয়েছেন এবং তাদের ব্যবহার করে পরিস্থিতিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হলে তা উদ্বেগের কারণ হতে পারে।
এদিকে, দেশের শীর্ষ রাজনৈতিক নেতৃত্ব বারবার আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে আসলেও স্থানীয় পর্যায়ে কিছু ব্যক্তি বা গোষ্ঠীর কর্মকাণ্ড সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করছে কিনা, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন অনেকে। তাদের মতে, রাষ্ট্রীয় একটি বাহিনীর স্থাপনায় হামলার ঘটনা অত্যন্ত স্পর্শকাতর এবং এর পেছনের প্রকৃত কারণ উদঘাটন জরুরি।
অন্যদিকে, কোস্ট গার্ডের আনুষ্ঠানিক প্রেস নোটের ভিত্তিতে সংবাদ প্রকাশ করায় মোংলার কয়েকজন পেশাদার সাংবাদিককে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষ ও সমালোচনার মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সাংবাদিকরা বলছেন, কোনো পক্ষের হয়ে অবস্থান নেওয়া নয়, বরং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য ও তথ্য জনগণের সামনে তুলে ধরাই গণমাধ্যমের দায়িত্ব।
সাংবাদিকদের দাবি, প্রেস নোটের ভিত্তিতে প্রকাশিত সংবাদ নিয়ে ব্যক্তিগত আক্রমণ ও কুরুচিপূর্ণ মন্তব্য স্বাধীন সাংবাদিকতার পরিবেশের জন্য হুমকিস্বরূপ। তারা মনে করেন, সত্য ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশে বাধা সৃষ্টি করা হলে তা গণমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী হবে।
স্থানীয় সাংবাদিক সমাজের মতে, কোস্ট গার্ড স্টেশনে হামলার ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি এর সঙ্গে জড়িত ব্যক্তি বা গোষ্ঠী এবং সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচারকারীদেরও চিহ্নিত করা প্রয়োজন। একই সঙ্গে মোংলায় শান্তিপূর্ণ পরিবেশ ও স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্র বজায় রাখতে সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।
১৭৩ বার পড়া হয়েছে