বাজেটে বড় পরিবর্তন: দাম বাড়বে ও কমবে যেসব পণ্যের
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬ ১০:৫৬ অপরাহ্ন
শেয়ার করুন:
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিভিন্ন পণ্য ও সেবার ওপর কর, শুল্ক ও ভ্যাট কাঠামোয় উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে।
এতে কিছু খাতে করছাড় দেওয়া হলেও বেশ কয়েকটি পণ্যে কর বৃদ্ধি পাওয়ায় বাজারে দামের ওঠানামার সম্ভাবনা তৈরি হয়েছে।
প্রস্তাবিত বাজেট অনুযায়ী ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার, সার্ভার, মনিটর এবং প্রিন্টার আমদানিতে বিদ্যমান আমদানি শুল্ক, নিয়ন্ত্রণমূলক শুল্ক, সম্পূরক শুল্ক ও ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। এর ফলে তথ্যপ্রযুক্তি খাতে ব্যয় কমার আশা করা হচ্ছে।
স্বাস্থ্য খাতে বড় ধরনের করছাড়ের অংশ হিসেবে ডায়ালাইসিস ফিল্টার আমদানিতে ১৫ শতাংশ ভ্যাট ও ৫ শতাংশ অগ্রিম আয়কর প্রত্যাহার করা হয়েছে। এতে কিডনি রোগীদের ডায়ালাইসিস ব্যয় প্রতি সেশনে প্রায় ৮০০ টাকা পর্যন্ত কমতে পারে বলে অর্থমন্ত্রী জানিয়েছেন।
ওষুধ শিল্পের কাঁচামাল আমদানিতেও বিভিন্ন রেয়াতি সুবিধা ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ক্যানসার চিকিৎসার ওষুধ তৈরির জন্য নতুন ৯টি কাঁচামাল আমদানিতে কর সুবিধা দেওয়া হয়েছে।
সংস্কৃতি ও বিনোদন খাতে গিটার, পিয়ানো ও ভায়োলিনসহ বাদ্যযন্ত্র এবং এর যন্ত্রাংশ আমদানিতে ৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। সিনেমাটোগ্রাফিক ক্যামেরা ও যন্ত্রাংশের শুল্ক ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।
এছাড়া সৌরবিদ্যুৎ সরঞ্জাম, পিওএস মেশিন, বিদেশি মাংস, প্রাণিখাদ্য, লিপস্টিক, ফেসওয়াশসহ বিভিন্ন পণ্যের আমদানি শুল্ক ও কর কাঠামোয় পরিবর্তনের ফলে এসব পণ্যের দাম কমতে বা বাড়তে পারে।
অন্যদিকে, সিগারেট, তামাকজাত পণ্য, নিকোটিন পাউচ, ভেপ, আমদানিকৃত মধু, বিদেশি কাজুবাদামসহ বেশ কিছু পণ্যে কর ও শুল্ক বৃদ্ধি করার প্রস্তাব করা হয়েছে। এতে এসব পণ্যের দাম বাড়ার আশঙ্কা রয়েছে।
একইসঙ্গে ১২০০–১৬০০ সিসি গাড়ি, ওয়াশিং মেশিন, কপার টিউব, কোল্ড রোল্ড শিট, ট্রান্সফরমার ও ডিসি মোটরের মতো আমদানিকৃত পণ্যের ওপরও কর চাপ বাড়ানো হয়েছে।
বাজেট প্রস্তাব অনুযায়ী মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যা দেশের মোট জিডিপির ১৩.৭ শতাংশ। আগামী অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ৬.৫ শতাংশ এবং মূল্যস্ফীতি ৭.৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের মতে, কর কাঠামোর এই পরিবর্তনের ফলে কিছু পণ্যের দাম কমলেও অনেক পণ্যের দাম বাড়তে পারে, যা সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ে প্রভাব ফেলবে।
১৩৪ বার পড়া হয়েছে