মনোহরদীতে সেমিনার ও মেধাবৃত্তি পুরস্কার অনুষ্ঠিত, শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ
মঙ্গলবার, ২ জুন, ২০২৬ ৫:৩৩ অপরাহ্ন
শেয়ার করুন:
নরসিংদীর মনোহরদীতে আধুনিক ও মানসম্মত শিক্ষার প্রসারে সেমিনার ও মেধাবৃত্তি পুরস্কার ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
“আধুনিক ও মানসম্মত শিক্ষার অঙ্গীকার নিয়ে, স্বপ্ন যেখানে সার্থক” প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করে ব্রেভ জুবিলেন্ট স্কলার্স অব মনোহরদী মডেল কলেজ (বি.জে.এস.এম মডেল কলেজ)। অনুষ্ঠানটি পরিচালনা করে লাইলি-সিরাজ ফাউন্ডেশন।
অনুষ্ঠানে শিক্ষা, গবেষণা ও সমাজ উন্নয়ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন ড. এস এম হাফিজুর রহমান, ড. মাহমুদুল হাসান, ইকবাল হায়দার সবুজ, মঞ্জিল মোল্লাসহ অন্যান্য অতিথিবৃন্দ।
কলেজের প্রভাষক ও লেখক তৌফিক সুলতান জানান, অনুষ্ঠানে বক্তারা আধুনিক ও গুণগত শিক্ষার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন এবং শিক্ষার্থীদের দক্ষতা ও নৈতিক মূল্যবোধ বিকাশে গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে ছাত্র, শিক্ষক ও অভিভাবকের সমন্বিত ভূমিকা অপরিহার্য। পাশাপাশি যুগোপযোগী ও মানসম্মত পাঠ্যক্রম শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সভাপতি তাঁর বক্তব্যে মানবিক মূল্যবোধ, নীতি-নৈতিকতা, আত্মসচেতনতা ও চরিত্র গঠনের শিক্ষার ওপর গুরুত্বারোপ করে বলেন, এসব গুণাবলি ছাড়া প্রকৃত শিক্ষার বিকাশ সম্ভব নয়।
বিশেষ অতিথি তথ্যপ্রযুক্তির ইতিবাচক ব্যবহার এবং শিক্ষার্থীদের সঠিক বিকাশে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। অন্যদিকে উদ্বোধক বলেন, একটি সচেতন ও শিক্ষাবান্ধব সমাজ গড়ে উঠলে আধুনিক শিক্ষার প্রসার আরও বেগবান হবে।
অনুষ্ঠানে বি.জে.এস.এম মডেল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। এছাড়া প্রভাষক জাহাঙ্গীর হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।
ঈদ-পরবর্তী সময়ে আয়োজিত এ ব্যতিক্রমী অনুষ্ঠানে মেধাবৃত্তি প্রদান, জ্ঞানচর্চা এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে আয়োজকরা জানান।
১৩৮ বার পড়া হয়েছে