ভালুকায় জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে সপ্তাহব্যাপী কর্মসূচি
মঙ্গলবার, ২ জুন, ২০২৬ ৫:২১ অপরাহ্ন
শেয়ার করুন:
মহান স্বাধীনতার ঘোষক, সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় সাত দিনব্যাপী আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি শুরু হয়েছে।
সোমবার (১ জুন) উপজেলার ১ নম্বর উথুরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে কর্মসূচির প্রথম দিনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য এবং ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।
আলোচনা সভায় বক্তারা জিয়াউর রহমানের রাজনৈতিক ও কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর ভূমিকা, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদান এবং জাতীয় উন্নয়নে গৃহীত বিভিন্ন উদ্যোগ নিয়ে বক্তব্য দেন।
এ সময় উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রহুল আমীন মাসুদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়কবৃন্দ, ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ, গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আগামী সাত দিন বিভিন্ন স্থানে আলোচনা সভা, দোয়া মাহফিল ও স্মরণমূলক কর্মসূচি অনুষ্ঠিত হবে।
১৫০ বার পড়া হয়েছে