ফরিদপুরে ৫ মাসে হামের উপসর্গে ১৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি আরও ১৮৩
মঙ্গলবার, ২ জুন, ২০২৬ ৫:০৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরে চলতি বছরের প্রথম পাঁচ মাসে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে ১৮ শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের বেশিরভাগই বিভিন্ন জেলার বাসিন্দা। একই সময়ে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় জেলার দুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১৮৩ জন।
ফরিদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ১৮ শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ফরিদপুরের পাঁচজন, গোপালগঞ্জের চারজন, মাদারীপুর ও রাজবাড়ির তিনজন করে এবং মাগুরা, যশোর ও ঝিনাইদহের একজন করে শিশু রয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে হামের উপসর্গ নিয়ে ৯১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৫৮ জন এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে ৩৩ জন ভর্তি হয়েছেন। বর্তমানে দুটি হাসপাতালে মোট ১৮৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে মেডিকেল কলেজ হাসপাতালে ১১৮ জন এবং জেনারেল হাসপাতালে ৬৫ জন চিকিৎসা নিচ্ছেন। একই সময়ে ৪৫ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান জানান, সর্বশেষ গত ৩০ মে ঝিনাইদহ সদর উপজেলার আট মাস বয়সী তাসিম নামে এক শিশু হামের তীব্র উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। তবে পরীক্ষাগারের চূড়ান্ত ফলাফল পাওয়ার আগেই শিশুটির মৃত্যু হয়।
তিনি বলেন, “অনেক ক্ষেত্রে পরীক্ষার রিপোর্ট আসার আগেই রোগীর মৃত্যু হচ্ছে। তবে উপসর্গ, চিকিৎসা পদ্ধতি এবং রোগের জটিলতা বিবেচনায় এসব ঘটনাকে ক্লিনিক্যালি হামজনিত মৃত্যু হিসেবে চিহ্নিত করা হয়েছে।”
স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং অভিভাবকদের শিশুদের সময়মতো টিকাদান সম্পন্ন করার পাশাপাশি হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছে।
২০৬ বার পড়া হয়েছে