ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে ভবনে আগুন, নিহত ৫
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ৭:২৮ অপরাহ্ন
শেয়ার করুন:
ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে চারতলা একটি ভবনে অগ্নিকাণ্ডে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। বুধবার স্থানীয় সময় রাতের দিকে ঘনবসতিপূর্ণ তাই হো ওয়ার্ডের ভ্যান কাও স্ট্রিটে এ দুর্ঘটনা ঘটে।
হ্যানয় পুলিশের দাপ্তরিক ফেসবুক অ্যাকাউন্টের তথ্য অনুযায়ী, বুধবার রাত ১টা ৫০ মিনিটের দিকে ভ্যান কাও স্ট্রিটের একটি চারতলা ভবনে আগুন লাগার খবর পায় পুলিশ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে পুলিশ ও দমকল বাহিনী।
দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ভবনের চার বাসিন্দা আগুন থেকে বের হয়ে নিরাপদে সরে যেতে সক্ষম হন। তবে ওই সময় আরও কয়েকজন ভবনের ভেতরে আটকা পড়েছিলেন।
পুলিশের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, রাত ২টা ৩০ মিনিটের দিকে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এর প্রায় ১৫ মিনিট পর আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা হয়।
আগুন নিয়ন্ত্রণে আসার পর ভবনটিতে তল্লাশি ও উদ্ধার অভিযান চালানো হয়। তাই হো ওয়ার্ডের কমিউনিস্ট পার্টির এক নেতা স্থানীয় একটি অনলাইন সংবাদমাধ্যমকে জানান, তল্লাশির সময় পুলিশ পাঁচজনের মরদেহ উদ্ধার করে চিকিৎসাকর্মীদের কাছে হস্তান্তর করেছে।
অগ্নিকাণ্ডে আহত চারজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাঁদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
কী কারণে ভবনটিতে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে পুলিশ।
১১০ বার পড়া হয়েছে