ফরিদপুরে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, পাঁচ মাসে প্রাণ গেল ২১ জনের
শনিবার, ৬ জুন, ২০২৬ ৪:২৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরে হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সর্বশেষ মারা যাওয়া শিশুটির নাম তানহা। সে জেলার বোয়ালমারী উপজেলার হাসামদিয়া এলাকার বাসিন্দা দ্বীন ইসলামের সন্তান।
পরিবার ও স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ৪ জুন বিকেলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তানহার মৃত্যু হয়।
স্বাস্থ্য সংশ্লিষ্ট সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে ফরিদপুরে হাম রোগের প্রাদুর্ভাব বেড়েছে। জেলার বিভিন্ন এলাকায় শিশুদের আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। সর্বশেষ এই মৃত্যুর পর চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে আক্রান্ত হয়ে জেলায় মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান বলেন, শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় আনার পাশাপাশি হামের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে রোগটির বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম জোরদার করা হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম প্রতিরোধে শিশুদের সময়মতো টিকা প্রদান এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
২১৯ বার পড়া হয়েছে