ঈদের ছুটিতে রংপুর মেডিকেলের নেফ্রোলজি ওয়ার্ড বন্ধের অভিযোগ, ভোগান্তিতে রোগীরা
শনিবার, ৩০ মে, ২০২৬ ৪:৩২ অপরাহ্ন
শেয়ার করুন:
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নেফ্রোলজি (কিডনি) ওয়ার্ড ঈদের ছুটিতে কয়েকদিন ধরে কার্যত বন্ধ থাকায় রোগীরা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোগী ও তাদের স্বজনদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
শনিবার (৩০ মে) সকালে হাসপাতালের দ্বিতীয় তলায় অবস্থিত ৪০ নম্বর নেফ্রোলজি ওয়ার্ড পরিদর্শনে গিয়ে দেখা যায়, ওয়ার্ডের প্রধান প্রবেশদ্বার বন্ধ রয়েছে এবং ভেতরের অধিকাংশ বেড খালি পড়ে আছে। সেখানে দায়িত্বরত এক নার্স জানান, ঈদ উপলক্ষে ভর্তি থাকা রোগীদের ছুটি দেওয়া হয়েছে এবং বর্তমানে ওয়ার্ডে কোনো রোগী নেই।
হাসপাতাল সূত্রে জানা যায়, ঈদের আগে ওয়ার্ডে একাধিক কিডনি রোগী ভর্তি ছিলেন। অভিযোগ রয়েছে, ছুটির কারণে নতুন রোগী ভর্তি কার্যক্রমও সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। তবে এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী দাবি করেন, ঈদের আগে ওয়ার্ডে ভর্তি থাকা কয়েকজন রোগীর শারীরিক অবস্থা জটিল হলেও তাদের ছুটি দেওয়া হয়েছে। এছাড়া আগামী কয়েকদিন নতুন রোগী ভর্তি না নেওয়ার মৌখিক নির্দেশনার কথাও তিনি উল্লেখ করেন।
অন্যদিকে হাসপাতালের ডায়ালাইসিস ইউনিটে সেবা কার্যক্রম স্বাভাবিক রয়েছে। সেখানে কর্তব্যরত এক নার্স জানান, ঈদের দিনসহ প্রতিদিন তিন শিফটে রোগীদের ডায়ালাইসিস সেবা দেওয়া হচ্ছে। প্রতিদিন উল্লেখযোগ্য সংখ্যক রোগী এ সেবা গ্রহণ করছেন এবং ঈদের ছুটিতেও কার্যক্রম অব্যাহত রয়েছে।
ডায়ালাইসিস ইউনিটের এক দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ডায়ালাইসিস করতে আসা কোনো রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে তাৎক্ষণিকভাবে ভর্তি চিকিৎসার প্রয়োজন হতে পারে। তবে নেফ্রোলজি ওয়ার্ডে সেবা সীমিত থাকায় রোগীদের কিছুটা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।
গাইবান্ধা থেকে চিকিৎসা নিতে আসা রোগী রুহুল আমিন জানান, নেফ্রোলজি ওয়ার্ডে ভর্তি হওয়ার জন্য এসে সেটি বন্ধ দেখতে পান। পরে তিনি বিকল্প চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে যাওয়ার সিদ্ধান্ত নেন।
এ বিষয়ে জানতে নেফ্রোলজি বিভাগের সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
হাসপাতালের উপপরিচালক ডা. আব্দুল মোকাদ্দেম বলেন, বিষয়টি তার জানা নেই। অভিযোগের বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
১৮১ বার পড়া হয়েছে