নরসিংদীতে বাগান মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ
মঙ্গলবার, ২ জুন, ২০২৬ ৩:৪৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নরসিংদীর শিবপুর উপজেলায় লটকন পাড়াকে কেন্দ্র করে সংঘর্ষে গিয়াস উদ্দিন (৬৮) নামে এক বাগান মালিক নিহত হয়েছেন। সোমবার (১ জুন) ভোরে উপজেলার যোশর ইউনিয়নের যোশর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে নিজ বাগানে গিয়ে গিয়াস উদ্দিন দেখতে পান কয়েকজন ব্যক্তি তার লটকন বাগান থেকে ফল সংগ্রহ করছেন। এ সময় তিনি তাদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে অভিযুক্তরা লাঠিসোঁটা নিয়ে তার ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলে পথেই তার মৃত্যু হয়। ঘটনার পর এলাকাবাসী অভিযুক্তদের মধ্যে ফাইজুল নামে একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। তবে অন্য অভিযুক্তরা পালিয়ে যায়।
নিহতের ছেলে মশিউর রহমান অভিযোগ করেন, তার বাবা ফজরের নামাজের পর বাগানে গিয়ে ফাইজুদ্দিন, আমান উল্লাহ, হযরত আলীসহ কয়েকজনকে লটকন পাড়তে দেখেন। বাধা দেওয়ার জেরেই তারা সংঘবদ্ধভাবে হামলা চালিয়ে তার বাবাকে হত্যা করেছে। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনুর মিয়া বলেন, ঘটনার পর ফাইজুল নামে একজনকে আটক করা হয়েছে। নিহতের ছেলে বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
১৪০ বার পড়া হয়েছে