কলাপাড়ায় অটোচালক অপহরণ, ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি: যুবক উদ্ধার, গ্রেপ্তার ৩
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬ ৪:৩৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় এক ব্যাটারিচালিত অটোভ্যানচালককে অপহরণ করে পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে অপহৃত যুবক মো. রাফি খানকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ সময় তাঁর ব্যবহৃত অটোভ্যান ও দুটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় এক ব্যাটারিচালিত অটোভ্যানচালককে অপহরণ করে মুক্তিপণ দাবির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে অপহৃত যুবক মো. রাফি খানকে (১৯)।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, মহিপুর উপজেলার ধুলাসার ইউনিয়নের তারিকাটা এলাকার বাসিন্দা মো. হাসানের ছেলে রাফি খান পেশায় একজন ব্যাটারিচালিত অটোভ্যানচালক। গত ১৩ জুন অভিযুক্ত ব্যক্তিরা তাঁর অটোভ্যান ভাড়া নিয়ে কুয়াকাটার বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করেন। পরে পরদিন আবার ভাড়া নেওয়ার কথা বলে তাঁর মুঠোফোন নম্বর সংগ্রহ করেন।
পরদিন সকালে তাঁকে কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হাজীপুর ব্রিজ এলাকার আবুল কাশেম জামে মসজিদের সামনে আসতে বলা হয়। সেখানে পৌঁছানোর পর পরিকল্পিতভাবে তাঁকে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অপহরণের পর দুর্বৃত্তরা রাফির পরিবারের সঙ্গে যোগাযোগ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ছেলেকে জীবিত ফিরে পাওয়ার আশায় তাঁর বাবা মো. হাসান প্রথমে ৫০ হাজার টাকা পরিশোধ করেন। এরপরও বাকি টাকা না দিলে রাফিকে হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগে বলা হয়েছে।
ঘটনার খবর পেয়ে কলাপাড়া থানা পুলিশ অভিযান শুরু করে। রাতে বাসস্ট্যান্ড এলাকা থেকে মো. জাহিদ প্যাদা ও মো. ইমরান গাজীকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে চাকামইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে অপহৃত রাফি খানকে উদ্ধার করা হয়। এ সময় তাঁর ব্যবহৃত অটোভ্যান ও দুটি মুঠোফোন উদ্ধার করা হয় এবং অপর অভিযুক্ত মো. কোয়েল গাজীকেও গ্রেপ্তার করা হয়।
উদ্ধারের পর রাফি খান পুলিশকে জানান, অপহরণের পর তাঁকে একটি নির্জন স্থানে আটকে রেখে মারধর ও শারীরিক নির্যাতন করা হয়। অপহরণকারীদের উদ্দেশ্য ছিল তাঁর পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করা। পরে আহত অবস্থায় তাঁকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় রাফির বাবা বাদী হয়ে কলাপাড়া থানায় অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগে মামলা করেছেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, অভিযানের মাধ্যমে অপহৃত যুবককে নিরাপদে উদ্ধার এবং তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।
১২১ বার পড়া হয়েছে