৮ মাসে কোরআনের হেফজ সম্পন্ন, ১২ বছরের মুয়াজকে সংবর্ধনা
মঙ্গলবার, ২৬ মে, ২০২৬ ৮:৪১ অপরাহ্ন
শেয়ার করুন:
অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম ও পরিবারের অনুপ্রেরণায় মাত্র আট মাসে পবিত্র কোরআনের হেফজ সম্পন্ন করেছে ১২ বছর বয়সী মেজবাহ উদ্দিন মুয়াজ।
তার এ অসাধারণ সাফল্যে পটুয়াখালীর মহিপুর ইউনিয়নের বিপিনপুর জিলাপিতলা জামিয়া হযরত ওমর (রা.) মাদরাসার পক্ষ থেকে তাকে সম্মাননা দেওয়া হয়েছে।
সোমবার (২৫ মে) বিকেলে মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে মুয়াজের হাতে সম্মাননা স্মারক তুলে দেন মাদরাসা কর্তৃপক্ষ। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
মুয়াজ তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের সকিনা গ্রামের বাসিন্দা। তিনি মোয়াজ্জেমপুর ছালেহিয়া আলিম মাদরাসার শিক্ষক ক্বারী মোহাম্মদ নুরুজ্জামানের ছেলে। পরিবার ও শিক্ষকদের ভাষ্য অনুযায়ী, ছোটবেলা থেকেই ধর্মীয় শিক্ষার প্রতি তার গভীর আগ্রহ ছিল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার মুহতামিম মুফতি আবুল কালাম আজাদী। তিনি বলেন, বর্তমান সময়ে মোবাইল ফোন ও নানা বিভ্রান্তির মধ্যেও মুয়াজের মতো একজন শিক্ষার্থীর স্বল্প সময়ে হেফজ সম্পন্ন করা সত্যিই প্রশংসনীয় এবং অনুকরণীয়।
মাদরাসার হেফজ বিভাগের শিক্ষক মো. নেছার উদ্দিন জানান, মুয়াজ অত্যন্ত মনোযোগী ও পরিশ্রমী শিক্ষার্থী। নিয়মিত পাঠের পাশাপাশি অতিরিক্ত সময় অনুশীলন করার কারণেই সে দ্রুত হেফজ সম্পন্ন করতে সক্ষম হয়েছে।
আরেক শিক্ষক মো. শাহিন আলম বলেন, সাধারণত হেফজ সম্পন্ন করতে কয়েক বছর সময় লাগে। সেখানে মাত্র আট মাসে মুয়াজের এই অর্জন মাদরাসার জন্য গর্বের বিষয়।
সম্মাননা পেয়ে আবেগাপ্লুত মুয়াজ আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, শিক্ষক ও বাবা-মায়ের সহযোগিতা এবং দোয়াই তাকে এই সাফল্য অর্জনে অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতে ইসলামি শিক্ষায় আরও এগিয়ে যেতে চায় বলেও জানায় সে।
মুয়াজের বাবা ক্বারী মো. নুরুজ্জামান বলেন, ছেলের এ অর্জনে তিনি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তিনি চান, ভবিষ্যতে মুয়াজ একজন আদর্শ আলেম হিসেবে দেশ ও জাতির সেবা করুক।
স্থানীয় বাসিন্দা দেলোয়ার সরদার বলেন, এত কম বয়সে এত অল্প সময়ে হেফজ সম্পন্ন করা বিরল ঘটনা। মুয়াজ শুধু পরিবারের নয়, পুরো এলাকার গর্ব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদরাসার উপদেষ্টা হাফেজ আব্দুল বারেক, হাফেজ আব্দুল মতিন, প্রতিষ্ঠাতা আব্দুল খালেক কবিরাজ, মহিপুর থানা মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক আফজাল মুসুল্লী, যুবদলের মহিপুর সদর ইউনিয়ন সভাপতি মো. মনির মুসুল্লী, মহিপুর-আলিপুর মৎস্য হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেলোয়ার সরদার, আজিমপুর নূরানী মাদরাসার প্রতিষ্ঠাতা হাজী মুসা আকন, সিনিয়র সহ-সভাপতি কিরণ হাওলাদার এবং নাজিমে তালিমাত হাফেজ মো. হারুন হাওলাদারসহ অনেকে।
৩২৭ বার পড়া হয়েছে