বগুড়া শহর যানজট ও দখলমুক্ত করতে কঠোর পদক্ষেপ
রবিবার, ২৪ মে, ২০২৬ ১১:২৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বগুড়া শহরকে যানজটমুক্ত ও দখলমুক্ত করতে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
তিনি বলেছেন, ফুটপাত দখলমুক্ত করা হবে, অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে এবং ট্রাফিক ব্যবস্থাপনাকে আধুনিকায়ন করা হবে।
রবিবার দুপুরে বগুড়া সিটি কর্পোরেশনের হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন এম আর ইসলাম স্বাধীন।
প্রতিমন্ত্রী বলেন, নগরবাসীর স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। শহরের শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, ফুটপাত থেকে হকার উচ্ছেদ করা হলেও তাদের জীবিকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। হকারদের জন্য পরিকল্পিত পুনর্বাসনের ব্যবস্থাও নেওয়া হবে।
সভায় বগুড়ার উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি জানান, বগুড়া ওয়াসা গঠন, বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ (বউক) প্রতিষ্ঠা এবং নগরীর নিরাপত্তা জোরদারে মেট্রোপলিটন পুলিশ গঠনের উদ্যোগ নেওয়া হবে।
এ ছাড়া মাটিডালী থেকে বনানী পর্যন্ত শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস চালুর পরিকল্পনা রয়েছে। নগরীর তিনটি রেলগেটে ওভারপাস নির্মাণ, সিরাজগঞ্জ-বগুড়া রেললাইন নির্মাণ এবং একটি আধুনিক ফুটবল স্টেডিয়াম তৈরির পরিকল্পনার কথাও জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, এসব উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর নেতৃত্বে বগুড়াসহ দেশের সব মহানগর আধুনিক ও পরিকল্পিত নগরীতে রূপান্তরিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সভায় উপস্থিত ছিলেন রেজাউল করিম বাদশা এমপি, সুরাইয়া জেরিন রনি এমপি, আহসানুল তৈয়ব জাকির, রাজিয়া সুলতানা, মির্জা সায়েম মাহমুদসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।
পরে প্রতিমন্ত্রী দুস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করেন। এছাড়া সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।
১০৫ বার পড়া হয়েছে