আজ প্রকাশ হচ্ছে এইচএসসির ফল, রেজাল্ট জানার নিয়মে পরিবর্তন
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ৪:৩৭ অপরাহ্ন
শেয়ার করুন:
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায়। একযোগে দেশের ১১টি শিক্ষা বোর্ডের ফল প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠান, অনলাইন ও মোবাইল ফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে ফল জানতে পারবেন। তবে এবার এসএমএসে ফল জানার নম্বরে পরিবর্তন আনা হয়েছে। আগের ১৬২২২ নম্বরের পরিবর্তে এবার ১৬১৪০ নম্বরে বার্তা পাঠাতে হবে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের সময় ও ফল জানার পদ্ধতি সম্পর্কে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ বেলা ১১টায় সারাদেশে একযোগে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ফল প্রকাশের পর শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।
মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে প্রথমে মুঠোফোনের বার্তা অপশনে গিয়ে ইংরেজিতে HSC লিখতে হবে। এরপর একটি ফাঁকা জায়গা দিয়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নামের প্রথম তিনটি ইংরেজি অক্ষর, রোল নম্বর এবং পরীক্ষার বছর লিখতে হবে। সবশেষে বার্তাটি পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।
উদাহরণ হিসেবে ঢাকা শিক্ষা বোর্ডের একজন শিক্ষার্থীর রোল নম্বর ১২৩৪৫৬ হলে তাঁকে লিখতে হবে: HSC DHA 123456 2026। এরপর বার্তাটি পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।
এসএমএস ছাড়াও অনলাইনে দুটি নির্ধারিত ওয়েবসাইট থেকে ফল জানা যাবে। ওয়েবসাইট দুটি হলো eduboardresult.gov.bd এবং educationboardresults.gov.bd। এ ছাড়া সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও ফল পাওয়া যাবে।
শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় কিংবা পত্রিকা অফিস থেকে সরাসরি পরীক্ষার ফল সংগ্রহের কোনো ব্যবস্থা নেই।
এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ২ জুলাই। পরীক্ষা শেষ হয় ৮ আগস্ট। তবে বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি বিষয়ের লিখিত পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হয়নি। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ায় এই বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর।
চলতি বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন।
১৮৩ বার পড়া হয়েছে