সর্বশেষ

জাতীয়

রিয়াদে আগুনে নিহত সাত বাংলাদেশির মরদেহ দেশে

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ৪:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বাকি সাত বাংলাদেশি শ্রমিকের মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ৮টা ২১ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মরদেহগুলো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়। নিহত ব্যক্তিদের মধ্যে পাঁচজন নওগাঁর এবং দুজন নাটোরের বাসিন্দা।

গত ৯ আগস্ট রিয়াদের একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি শ্রমিক নিহত হন। তাঁদের মধ্যে নয়জনের মরদেহ গত ২৭ আগস্ট দেশে পাঠানো হয়েছিল। বাকি সাতজনের পরিচয় নিশ্চিত না হওয়ায় তাঁদের মরদেহ শনাক্ত করতে ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। শনাক্তকরণ প্রক্রিয়া শেষ হওয়ার পর এবার তাঁদের মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কাউন্সেলর (শ্রম) মুহাম্মদ রেজায়ে রাব্বী জানান, গত ১০ অক্টোবর থেকে রিয়াদ থেকে সরাসরি ফ্লাইট চলাচল বন্ধ থাকায় মরদেহগুলো সড়কপথে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয়। পরে সেখান থেকে বিমানে করে ঢাকায় আনা হয়।

নিহত সাতজনের মধ্যে নওগাঁ জেলার পাঁচজন হলেন সদর উপজেলার পার নওগাঁ গ্রামের শাহিন, আত্রাই উপজেলার দুবাই গ্রামের হাসিবুল হাসান, মধ্যবোয়ালিয়া গ্রামের মিনহাজ প্রামাণিক, মাধবপুর গ্রামের মাসিদুল সরদার এবং সাহানগর গ্রামের সাগর আলী।

অন্য দুজন হলেন নাটোরের লালপুর উপজেলার দীঘিরপাড়া গ্রামের মোহাম্মদ শামীম ও খাজুরা গ্রামের শরিফ হোসেন।

প্রিয়জনকে হারানোর শোকের মধ্যে এবার তাঁদের মরদেহ শেষবারের মতো দেখার অপেক্ষায় রয়েছেন স্বজনেরা। নওগাঁ শহরের পার নওগাঁ তাজের মোড় এলাকার বাসিন্দা নিহত শাহিনের স্ত্রী পারভীন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘মানুষটাক তো হারায়েই ফেলছি। যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। এখন লাশটা অন্তত দেশত থাকলে ছাওয়াল-পোয়ালরা বাপের লাশটা দেখতে পাবে।’

এদিকে বিমানবন্দর থেকে মরদেহ গ্রহণ করে নিজ নিজ গ্রামের বাড়িতে নিয়ে দাফনের প্রস্তুতি নিয়েছেন স্বজনেরা।

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান জানিয়েছেন, নিহত ব্যক্তিদের স্বজনদের সঙ্গে প্রশাসনের যোগাযোগ রয়েছে। মরদেহ দাফনের প্রক্রিয়ায় প্রয়োজনীয় সব ধরনের প্রশাসনিক সহায়তা দেওয়া হবে।

১১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০