গোপালগঞ্জে পৃথক তিন স্থানে গৃহবধূসহ তিনজনের মৃত্যুর ঘটনা, অপমৃত্যু মামলা
শুক্রবার, ২২ মে, ২০২৬ ৩:৩৩ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জে পৃথক তিনটি স্থানে এক গৃহবধূসহ তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) সকাল থেকে বিকেলের মধ্যে জেলার সদর ও মুকসুদপুর উপজেলায় এসব ঘটনা ঘটে। পুলিশ বলছে, তিনটি ঘটনাই আত্মহত্যাজনিত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার গোবরা লঞ্চঘাট এলাকায় স্বামীর সঙ্গে পারিবারিক কলহের জেরে অভিমান করে হুমায়রা বেগম (গৃহবধূ) গলায় ফাঁস দেন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে মরদেহ গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
একই উপজেলার জালালাবাদ ইউনিয়নের ছুটফা গ্রামে একটি বাগান থেকে কলেজছাত্র নয়ন মোল্লার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যক্তিগত কারণে তিনি আত্মহত্যা করতে পারেন।
অন্যদিকে, মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দাশেরহাট গ্রামে সজীব মোল্লা নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পারিবারিক বিরোধের কারণে স্ত্রীর সঙ্গে মনোমালিন্য চলছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। পরে শ্বশুরবাড়ি এলাকায় গিয়ে তিনি গলায় ফাঁস দেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন এবং গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, তিনটি মরদেহই ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পৃথকভাবে অপমৃত্যুর মামলা করা হয়েছে এবং বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে।
১১৯ বার পড়া হয়েছে