মানিকগঞ্জে ভুয়া এপিএস পরিচয়ে প্রতারণা: ডিবি পুলিশের অভিযানে একজন গ্রেফতার
শুক্রবার, ২২ মে, ২০২৬ ২:৪৭ অপরাহ্ন
শেয়ার করুন:
মানিকগঞ্জে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস-১) পরিচয় ব্যবহার করে সরকারি দপ্তরে নিয়োগ ও বদলির তদবিরসহ বিভিন্ন প্রতারণার অভিযোগে আব্দুল্লাহ আলম মামুন (৪৬) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (২২ মে) বিকেলে জেলা পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত আব্দুল্লাহ আলম মামুন মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার উলাইল গ্রামের আব্দুল হামিদের ছেলে বলে জানা গেছে।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ১৮ মে তিনি গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এবং খাদ্য অধিদপ্তরের মহাপরিচালককে ফোন করে নিজেকে মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব পরিচয় দেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবগত হয়ে ধানমন্ডি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
এরই ধারাবাহিকতায় গোয়েন্দা পুলিশের অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় তার কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত একটি মোবাইল ফোন, ভূয়া সাংবাদিক পরিচয়পত্র, ইংরেজিতে ‘প্রেস’ লেখা স্টিকারযুক্ত একটি গাড়ি, সুপ্রিম কোর্ট সংশ্লিষ্ট আইনজীবী পরিচয়ের কার্ড ও লিফলেটসহ বিভিন্ন নথিপত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে এর আগেও চেক জালিয়াতিসহ ছয়টি মামলা রয়েছে, যার মধ্যে দুটি মামলায় তিনি সাজাপ্রাপ্ত আসামি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি বিভিন্ন সময়ে নিজেকে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, সাংবাদিক ও আইনজীবী পরিচয় দিয়ে নিয়োগ, বদলি ও মামলা নিষ্পত্তির আশ্বাস দিয়ে প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।
ঘটনাটি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
১১৩ বার পড়া হয়েছে