জাতীয় কবির জন্মজয়ন্তী উপলক্ষে আগামীকাল ত্রিশালে প্রধানমন্ত্রীর আগমন
শুক্রবার, ২২ মে, ২০২৬ ১:৫৯ অপরাহ্ন
শেয়ার করুন:
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আগামীকাল (২৩ মে) ময়মনসিংহের ত্রিশাল সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেল ৩টায় ত্রিশালের নজরুল মঞ্চে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি তিন দিনব্যাপী নজরুল জন্মজয়ন্তী উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত এ উৎসবে আলোচনা সভা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ মেলা ও বইমেলার আয়োজন করা হয়েছে। এছাড়া অনুষ্ঠানের আগে প্রধানমন্ত্রী তাঁর পিতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর স্মৃতিবিজড়িত বইলর কানহর ধরার খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন বলে জানা গেছে।
এদিন বিকেলে ত্রিশাল নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায়ও অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে ইতোমধ্যে ত্রিশালসহ জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও অনুষ্ঠানস্থলে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সমন্বয়ে বিশেষ সভাও অনুষ্ঠিত হয়েছে। সভায় যান চলাচল, জনসমাগম নিয়ন্ত্রণ, জরুরি সেবা ও ভিভিআইপি নিরাপত্তা নিয়ে বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয়।
দীর্ঘদিন পর জাতীয়ভাবে নজরুল জন্মজয়ন্তী উদযাপিত হওয়ায় স্থানীয়দের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনেও তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
১০৪ বার পড়া হয়েছে