গোপালগঞ্জে শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত
শুক্রবার, ২২ মে, ২০২৬ ২:৪৯ অপরাহ্ন
শেয়ার করুন:
শিশু রামিসাসহ সারাদেশে ঘটে যাওয়া শিশু ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার (২২ মে) বিকেল সাড়ে ৫টার দিকে পৌর পার্কের শহীদ মিনার চত্বরে ‘প্রজ্জলিত গোপালগঞ্জ’ ও ‘গোপালগঞ্জের সর্বস্তরের জনগণ’ ব্যানারে পৃথকভাবে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা এক ঘণ্টাব্যাপী হাতে হাত ধরে দাঁড়িয়ে প্রতিবাদ জানান। এ সময় বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। প্ল্যাকার্ডে লেখা ছিল— “উই ওয়ান্ট জাস্টিস”, “জাস্টিস ফর রামিসা”, “নীরবতা নয়, প্রতিবাদ হোক শক্তি”, “নারীর মর্যাদা রক্ষায় সবাই এক হই”, “আমার বোন কবরে, ধর্ষক কেন বাইরে” ইত্যাদি।
একই দাবিতে বিকেলে ‘গোপালগঞ্জের সর্বস্তরের জনগণ’ ব্যানারে শহরের চৌরঙ্গীর কেরামত প্লাজার সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লঞ্চঘাট এলাকার গোলচত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
মানববন্ধন ও সমাবেশে জুরবায়ের খান, শেখ ডালিয়া সহ অনেকে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, বর্তমানে দেশে নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। প্রায়ই বিভিন্ন স্থানে নারী ও শিশু নির্যাতন ও হত্যার ঘটনা ঘটছে।
তারা আরও বলেন, দ্রুত বিচার নিশ্চিত না হওয়ায় অপরাধীরা উৎসাহিত হচ্ছে। এ পরিস্থিতিতে দোষীদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।
১১৯ বার পড়া হয়েছে