ময়মনসিংহে সফল কৃষকদের পুরস্কার প্রদান, কৃষি উন্নয়নে সরকারের নানা উদ্যোগের কথা জানালেন ডিজি
শুক্রবার, ২২ মে, ২০২৬ ২:১০ অপরাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহে বৃহত্তর অঞ্চলের কৃষি উন্নয়ন ও ফসলের নিবিড়তা বৃদ্ধিতে অবদান রাখা সফল কৃষক, কৃষি কর্মকর্তা ও উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। এসময় কৃষি খাতের উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো. আব্দুর রহিম।
শুক্রবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম অডিটোরিয়ামে “বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প”-এর মূল্যায়ন ও পর্যালোচনা কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মো. আব্দুর রহিম বলেন, বাংলাদেশ কৃষিনির্ভর দেশ এবং দেশের অর্থনীতিতে কৃষির অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রামীণ জনগোষ্ঠীর অধিকাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির সঙ্গে সম্পৃক্ত। কৃষিকে আরও সমৃদ্ধ করতে সরকার কৃষি কার্ড বিতরণ, বৃক্ষরোপণ ও খাল খননসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।
তিনি জানান, কৃষকদের সহায়তায় টাঙ্গাইল থেকে কৃষি কার্ড কার্যক্রম শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে দেশের সব উপজেলায় এটি সম্প্রসারণ করা হবে। কৃষকের স্বার্থ রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কৃষি খাতে নীতি ও প্রকল্প গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ সালমা আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইংয়ের পরিচালক কৃষিবিদ মো. আব্দুস সাত্তার।
কর্মশালায় প্রকল্প পরিচালক কৃষিবিদ মোস্তফা কামাল প্রকল্পের কার্যক্রম ও অর্জনের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, আধুনিক প্রযুক্তি, উন্নত জাতের ফসল চাষ ও কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে এক ফসলি জমিকে একাধিক ফসলি জমিতে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধান অতিথি আরও বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সীমিত জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন। পাশাপাশি মানুষের খাদ্যের পাশাপাশি পশু ও বন্যপ্রাণীর খাদ্যের বিষয়েও গুরুত্ব দিতে হবে। টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও মাটির সঠিক ব্যবস্থাপনার ওপর জোর দেন তিনি।
অনুষ্ঠান শেষে ময়মনসিংহ ও ঢাকা বিভাগের ৬ জেলার ৬০ উপজেলার সফল কৃষক, কৃষাণী, কৃষি কর্মকর্তা ও উপসহকারী কৃষি কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
কর্মশালায় কৃষি কর্মকর্তা, গবেষক, বিজ্ঞানী, উদ্যোক্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
১১৬ বার পড়া হয়েছে