যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অ্যাট বাফেলো থেকে স্নাতক ডিগ্রী অর্জন সাংবাদিক পুত্র সাইফ রহমানের
রবিবার, ১৭ মে, ২০২৬ ২:৫৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছেন সিলেটের তরুণ শিক্ষার্থী সাইফ রহমান। তিনি ইউনিভার্সিটি অ্যাট বাফেলো থেকে ব্যবসায় প্রশাসনের অধীনে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। শুক্রবার (১৫ মে) বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে সনদ তুলে দেওয়া হয়।
সাইফ রহমান সিলেটের স্থানীয় সংবাদপত্র দৈনিক সবুজ সিলেট-এর সম্পাদক ও প্রকাশক মুজিবুর রহমান এবং উপ-সম্পাদক সাহরা রহমানের জ্যেষ্ঠ সন্তান। তাঁর এই অর্জনে পরিবার, স্বজন ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।
জানা যায়, দীর্ঘদিনের অধ্যবসায়, গবেষণা ও বাস্তবমুখী প্রশিক্ষণের মাধ্যমে সাইফ রহমান এ সাফল্য অর্জন করেন। তথ্যপ্রযুক্তি ও ব্যবসায় ব্যবস্থাপনার সমন্বিত বিষয় এমআইএস-এ তিনি বিশেষ দক্ষতা অর্জন করেছেন, যা ভবিষ্যৎ কর্মজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নিজের অনুভূতি ব্যক্ত করে সাইফ রহমান বলেন, আল্লাহর অশেষ রহমত এবং বাবা-মা, শিক্ষক ও স্বজনদের দোয়া ও সহযোগিতার ফলেই তিনি এই পর্যায়ে পৌঁছাতে পেরেছেন। তিনি জানান, শিক্ষা একটি চলমান প্রক্রিয়া এবং যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার অভিজ্ঞতা তাঁর জীবনে নতুন দিগন্ত উন্মোচন করেছে।
উল্লেখ্য, স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্ক-এর অধীন পরিচালিত ইউনিভার্সিটি অ্যাট বাফেলো যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ সরকারি গবেষণা বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত।
সাইফ রহমানের এ অর্জনে সামাজিক যোগাযোগমাধ্যমেও অভিনন্দনের জোয়ার দেখা গেছে। বন্ধু-বান্ধব, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
১১৬ বার পড়া হয়েছে