জয়পুরহাটে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন
শনিবার, ১৬ মে, ২০২৬ ১২:৪৩ অপরাহ্ন
শেয়ার করুন:
জয়পুরহাট শহরের কালেক্টরেট মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন মোঃ আব্দুল বারী।
জেলা প্রশাসক মোঃ আল মামুন মিয়ার সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার শাহনাজ বেগম, জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জহুরুল ইসলাম এবং বিএনপির জেলা আহ্বায়ক গোলজার হোসেনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও সুধীজন।
উদ্বোধনী দিনে বালক ও বালিকা গ্রুপে মোট চারটি খেলা অনুষ্ঠিত হয়। সকালে বালিকা গ্রুপের প্রথম খেলায় ক্ষেতলাল উপজেলার তিলাবদুল সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ১-০ গোলে আক্কেলপুর উপজেলার রামশালা সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে। দ্বিতীয় খেলায় জয়পুরহাট সদর উপজেলার মাধাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ২-০ গোলে পাঁচবিবি উপজেলার বীরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে হারায়।
অপরদিকে বিকেলে বালক গ্রুপের প্রথম খেলায় আক্কেলপুর উপজেলার তিলকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ২-১ গোলে ক্ষেতলাল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে। দ্বিতীয় খেলায় পাঁচবিবি উপজেলার আটাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ১-০ গোলে জয়পুরহাট সদর উপজেলার সুন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে হারিয়ে নিজ নিজ গ্রুপে সেমিফাইনালে জায়গা করে নেয়।
আগামী রবিবার টুর্নামেন্টের বালক ও বালিকা গ্রুপের দুটি সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
১৪২ বার পড়া হয়েছে