মোংলায় নদীতে পড়ে মাছ ব্যাবসায়ী নিখোঁজ: উদ্ধার অভিযানে ৩ বাহিনীসহ ডুবুরি
বৃহস্পতিবার , ১৪ মে, ২০২৬ ৬:৪৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মোংলার পশুর নদীতে ট্রলার থেকে ছিটকে পড়ে হোসেন মোড়ল (৪৫) নামে এক মাছ ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন।
ঘটনার পর থেকে তাকে উদ্ধারে কোস্টগার্ড, বাংলাদেশ নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও স্থানীয় ডুবুরি দলের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালিত হচ্ছে। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।
নিখোঁজ হোসেন মোড়ল খুলনার দাকোপ উপজেলার চালনা এলাকার ইউনুচ মোড়লের ছেলে।
স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, বৃহস্পতিবার (১৪ মে, ২০২৬) ভোরে চালনা এলাকা থেকে মাছ বোঝাই একটি ট্রলারে করে মোংলা বাজারে বিক্রির উদ্দেশ্যে রওনা দেন হোসেন মোড়ল। এ সময় তার সঙ্গে স্ত্রী ও ৬ বছর বয়সী সন্তানও ছিলেন।
ভোর আনুমানিক ৬টার দিকে ট্রলারটি মোংলা বাজার ঘাটে পৌঁছে নোঙর করার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় ট্রলারের পেছনের অংশে গেলে অসাবধানতাবশত পা পিছলে তীব্র স্রোতের পশুর নদীতে পড়ে যান হোসেন।
স্বামীকে নদীতে তলিয়ে যেতে দেখে তার স্ত্রী চিৎকার শুরু করলে ট্রলারের মাঝি দ্রুত নদীতে ঝাঁপিয়ে পড়ে তাকে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু নদীতে প্রবল জোয়ার ও তীব্র স্রোতের কারণে মুহূর্তের মধ্যেই হোসেন পানির নিচে তলিয়ে যান।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মোংলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার অভিযান শুরু করে। পরে তাদের সঙ্গে যোগ দেয় বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড ও স্থানীয় দক্ষ ডুবুরি দল।
ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের মোট চারটি ইউনিট সকাল থেকে দুপুর পর্যন্ত নদীর বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালায়।
মোংলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জানান, সকাল থেকেই নদীতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তবে পশুর নদীর ওই স্থানে পানির গভীরতা ও স্রোত বেশি থাকায় উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে। দুপুর পর্যন্ত নিখোঁজ হোসেন মোড়লের কোনো সন্ধান পাওয়া যায়নি।
তবে কোস্টগার্ড ও নৌবাহিনীর ডুবুরি দল এখনো উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এদিকে, চোখের সামনে স্বামীকে নদীতে তলিয়ে যেতে দেখে মোংলা বাজার ঘাটে কান্নায় ভেঙে পড়েছেন হোসেন মোড়লের স্ত্রী ও স্বজনরা। তাদের আহাজারিতে এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।
২৩০ বার পড়া হয়েছে