সর্বশেষ

খেলা

ইতালিয়ান কাপ জিতে ডাবল জয় ইন্টার মিলানের, দশম ট্রফির উল্লাস

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

বৃহস্পতিবার , ১৪ মে, ২০২৬ ৮:১৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
হোসে মরিনহোর ঐতিহাসিক ট্রেবল জয়ের পর দীর্ঘ সময় ইতালীয় ফুটবলে কিছুটা ম্লান ছিল ইন্টার মিলান। অবশেষে প্রায় দেড় দশক পর আবারও রাজকীয় রূপে ফিরে এসেছে মিলানের এই ক্লাবটি।

বুধবার রাতে ইতালিয়ান কাপের ফাইনালে লাৎসিওকে ২-০ গোলে হারিয়ে চলতি মৌসুমে ‘ডাবল’ (লিগ ও কাপ শিরোপা) নিশ্চিত করেছে ইন্টার। এই জয়ের মাধ্যমে ক্লাবটি নিজেদের ইতিহাসে দশম ইতালিয়ান কাপ ট্রফিও ঘরে তুলেছে।

রোমের অলিম্পিকো স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে ইন্টার। ১৪ মিনিটে ফেদেরিকো দিমারকোর ইনসুইং কর্নার ক্লিয়ার করতে গিয়ে ভুল করেন লাৎসিও ডিফেন্ডার অ্যাডাম মারুসিচ। তার আত্মঘাতী গোলে এগিয়ে যায় ইন্টার।

ম্যাচের ৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক লাউতারো মার্টিনেজ। লাৎসিওর লেফট-ব্যাক নুনো তাভারেসের মারাত্মক ভুলে বল কেড়ে নিয়ে বক্সে ঢুকে পড়েন ডেনজেল ডামফ্রিস। তার নিখুঁত পাস থেকে গোল করতে কোনো ভুল করেননি মার্টিনেজ। ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় ইন্টার এবং শেষ পর্যন্ত সেই লিড ধরে রেখে শিরোপা নিশ্চিত করে।

ইন্টার মিলানের এই সাফল্যের পেছনে বড় অবদান রয়েছে কোচ কিভুর। গত মৌসুমে পারমাকে অবনমন থেকে বাঁচিয়ে আলোচনায় আসা এই কোচ দায়িত্ব নিয়েই বাজিমাত করেছেন ইন্টারে। ২০১০ সালের ট্রেবলজয়ী ইন্টার দলের সদস্য ছিলেন তিনিও।

এর আগে গত মৌসুমে নাপোলির কাছে লিগ শিরোপা হারায় ইন্টার। এছাড়া চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পিএসজির কাছে ৫-০ ব্যবধানে বড় হারের পর সিমোনে ইনজাগির স্থলাভিষিক্ত হন কিভু।

ডাবল জয় নিশ্চিত হওয়ার পর অধিনায়ক লাউতারো মার্টিনেজ বলেন, “গত বছরের সেই বিপর্যয়কর পরিস্থিতির পর নতুন করে শুরু করা মোটেও সহজ ছিল না। কিন্তু আমরা মাঠের পারফরম্যান্স এবং খেলার তীব্রতা দিয়ে একটি দুর্দান্ত মৌসুম কাটাতে পেরেছি। এই ডাবল জয় আমাদের প্রাপ্য ছিল।”

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন