মধুখালীতে কলেজছাত্রীর রহস্যজনক আত্মহত্যা
বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬ ৪:২৭ অপরাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরের মধুখালীতে মাইমুনা আক্তার মৌ (১৯) নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ মে) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টা থেকে ২টার মধ্যে উপজেলার বাগাট বিশ্বাস পাড়া গ্রামে এই আত্মহত্যার ঘটনা ঘটে।
নিহত মাইমুনা ওই গ্রামের মো. মিজানুর রহমানের মেয়ে। তবে কী কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মাইমুনা তাদের নতুন নির্মিত বাড়ির একটি কক্ষে জানালার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। রাত ২টার দিকে তার মা আসমা খাতুন মেয়ের কক্ষে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে ওড়না কেটে মাইমুনাকে নিচে নামালেও ততক্ষণে তার মৃত্যু হয়।
খবর পেয়ে মধুখালী থানার এসআই মো. নুর ইসলাম শিকদার রাত সাড়ে ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে থানায় নিয়ে আসে।
মধুখালী থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আত্মহত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হতে পারে বলে জানা গেছে।
১৬৬ বার পড়া হয়েছে