চাঁপাইনবাবগঞ্জে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং
বুধবার, ১৩ মে, ২০২৬ ১১:২৪ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন কার্যক্রমকে সামনে রেখে জেলা তথ্য অফিসের আয়োজনে স্থানীয় গণমাধ্যমকর্মীদের নিয়ে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. কেরামত আলী।
অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মন জানান, জেলায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের মাধ্যমে ১,৭৬৩ জন কৃষকের প্রায় ১ কোটি ৫৩ লাখ টাকার কৃষি ঋণ মওকুফের প্রস্তাব বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এছাড়া জেলার নদী ও খাল খনন কর্মসূচির আওতায় আগামী ৫ বছরে মোট ২৪৭.২৫ কিলোমিটার দীর্ঘ ২৬টি খাল খননের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. কেরামত আলী বলেন, “সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী কাজ শুরু হয়েছে। সব কাজ একসঙ্গে সম্পন্ন করা সম্ভব নয়; যেমন ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ডের মতো দীর্ঘমেয়াদি প্রকল্প বাস্তবায়নে সময় প্রয়োজন। সরকার তার ইশতেহার বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে।”
জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী বলেন, উন্নয়ন কর্মকাণ্ডের তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে হবে এবং কোনো অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৫৮ বার পড়া হয়েছে