কুমিল্লায় হামে আরও এক শিশুর মৃত্যু, মোট মৃত্যু বেড়ে সাত
বুধবার, ১৩ মে, ২০২৬ ৯:৫২ অপরাহ্ন
শেয়ার করুন:
হামের উপসর্গ নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ছয় মাস বয়সী আরও এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার ভোরে হাসপাতালের হাম আইসোলেশন ইউনিটে শিশুটির মৃত্যু হয় বলে জানিয়েছেন হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক মিয়া মনজুর আহমেদ।
নিহত শিশুটির নাম রাব্বি। সে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার গুরগাঁও এলাকার কাউসার আহমেদের ছেলে। হামের উপসর্গ দেখা দেওয়ায় গত ৯ মে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়।
এ নিয়ে কুমিল্লায় হাম ও হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে সাতজনে। এর মধ্যে চারজন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
শিশু বিভাগের প্রধান মিয়া মনজুর আহমেদ আরও জানান, বর্তমানে হাসপাতালের হাম আইসোলেশন ইউনিটে ৬৯ জন শিশুরোগী ভর্তি রয়েছে।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত জেলায় মোট হাম ও হামের উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৫০০ জন। এর মধ্যে ১০০ জনের হাম নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে বলে জানিয়েছে দপ্তরটি।
এছাড়া এখন পর্যন্ত ১ হাজার ৭৮ জন রোগী হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৩৩ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৪৫ জন।
১৭৫ বার পড়া হয়েছে