সর্বশেষ

জাতীয়

২৭তম বিসিএসে আরও ৯৬ বঞ্চিত প্রার্থীর নিয়োগ, প্রজ্ঞাপন জারি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১৩ মে, ২০২৬ ৮:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
দীর্ঘ আইনি লড়াই শেষে ২৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ আরও ৯৬ জন বঞ্চিত প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার (১৩ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের ভিত্তিতে এ নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে গত বছরের ১৮ ডিসেম্বর একই বিসিএসের ৬৭৩ জন চাকরিপ্রার্থীকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্তদের আগামী ১৮ মে’র মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগের নির্ধারিত কার্যালয়ে যোগদান করতে হবে। তবে এর আগে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ থেকে অন্য কোনো নির্দেশনা না এলে ওই তারিখেই যোগদান সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ে যোগদান না করলে সংশ্লিষ্ট প্রার্থী চাকরিতে যোগ দিতে অনিচ্ছুক বলে গণ্য হবেন এবং তার নিয়োগপত্র বাতিল বলে বিবেচিত হবে।

এতে আরও উল্লেখ করা হয়, নিয়োগপ্রাপ্তদের জ্যেষ্ঠতা সংরক্ষণের স্বার্থে তাদের ব্যাচের প্রথম নিয়োগপ্রাপ্তদের যে তারিখে প্রজ্ঞাপন জারি হয়েছিল, সেই তারিখ থেকেই ভূতাপেক্ষিকভাবে তাদের নিয়োগ কার্যকর হিসেবে গণ্য হবে। একই সঙ্গে ব্যাচের প্রথম নিয়োগপ্রাপ্তদের যোগদানের তারিখ থেকে তাদের ধারণাগত জ্যেষ্ঠতা বহাল থাকবে। তবে এ কারণে তারা কোনো বকেয়া আর্থিক সুবিধা পাবেন না।

২৭তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষার ফল প্রকাশ করা হয় ২০০৭ সালের ২১ জানুয়ারি, বিএনপি সরকারের আমলে। ওই ফলাফলে ৩ হাজার ৫৬৭ জন উত্তীর্ণ হন। পরে একই বছরের ৩০ জুন তত্ত্বাবধায়ক সরকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিল ঘোষণা করে।

এর বৈধতা চ্যালেঞ্জ করে উত্তীর্ণ প্রার্থীরা হাইকোর্টে রিট আবেদন করেন। ২০০৮ সালের ৩ জুলাই হাইকোর্ট প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিলকে বৈধ ঘোষণা করে রায় দেন। পরে ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করেন রিট আবেদনকারীরা।

এদিকে ২০০৭ সালের ২৯ জুলাই ২৭তম বিসিএসের দ্বিতীয় মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ২০০৮ সালের ২৩ সেপ্টেম্বর প্রকাশিত ফলাফলে দ্বিতীয় মৌখিক পরীক্ষায় ৩ হাজার ২২৯ জন উত্তীর্ণ হন এবং পরে তাদের চাকরিতে নিয়োগ দেওয়া হয়।

প্রথম মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা এ নিয়ে হাইকোর্টে তিনটি পৃথক রিট দায়ের করেন। ২০২৩ সালের ১১ নভেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ দ্বিতীয়বার মৌখিক পরীক্ষা গ্রহণকে অবৈধ ঘোষণা করে রায় দেন।

পরে রাষ্ট্রপক্ষ ওই রায়ের বিরুদ্ধে তিনটি লিভ টু আপিল আবেদন দায়ের করে, যা পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

এরপর বাতিল হওয়া প্রথম মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আপিল বিভাগের রায়ের পুনর্বিবেচনা চেয়ে রিভিউ আবেদন করেন। গত বছরের ৭ নভেম্বর আপিল বিভাগ রিভিউ আবেদন গ্রহণ করে শুনানির নির্দেশ দেন। এর ফলে নিয়োগবঞ্চিত প্রার্থীদের আইনি লড়াইয়ের নতুন পথ উন্মুক্ত হয়।

পরে গত বছরের ১৯ ফেব্রুয়ারি রিভিউ আবেদনের শুনানি শেষে ২০ ফেব্রুয়ারি রায় দেন আপিল বিভাগ। রায়ে ২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত ১ হাজার ১৩৭ জনের চাকরি পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়।

সবশেষে গত বছরের ১১ আগস্ট সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে দ্রুত সময়ের মধ্যে ওই ১ হাজার ১৩৭ জনকে নিয়োগ দেওয়ার নির্দেশ দেন এবং সরকারকে তা বাস্তবায়নের আহ্বান জানান।

১৭১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন