ব্রহ্মপুত্রে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ১৭টি ড্রেজার ধ্বংস
মঙ্গলবার, ১২ মে, ২০২৬ ১০:৪১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহ সদর উপজেলার ব্রহ্মপুত্র নদে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৭টি ড্রেজার মেশিন ধ্বংস করেছে প্রশাসন। তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর নির্দেশে এ অভিযান পরিচালিত হয়।
সোমবার (১১ মে) বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার কাচারিঘাট থেকে রহমতপুর ব্রিজ পর্যন্ত এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম।
অভিযান চলাকালে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে সেখানে থাকা ১৭টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়।
এ সময় জেলা পুলিশ এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
অভিযান প্রসঙ্গে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, ব্রহ্মপুত্র নদে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। নদী খননের নামে বালু বিক্রি বা কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।
তিনি আরও বলেন, ব্রহ্মপুত্র নদের স্বাভাবিক সৌন্দর্য ও প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। নদী রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে প্রশাসনের এই পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তবে তারা অভিযোগ করেন, শুধু অবৈধ ড্রেজার বন্ধ করলেই সমস্যার সমাধান হবে না।
স্থানীয়দের দাবি, নদী খননের নামে যাদের বালু উত্তোলনের ইজারা দেওয়া হয়েছিল, তাদের অনেকের মেয়াদ শেষ হলেও তারা এখনো বালু উত্তোলন ও বিক্রি অব্যাহত রেখেছে। পাশাপাশি ইজারার মেয়াদ বাড়ানোর জন্য একটি চক্র বিভিন্ন মহলে তদবির করছে বলেও অভিযোগ করেন তারা।
এ বিষয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
১১৯ বার পড়া হয়েছে