মেঘনার স্রোতে প্রাণ গেল বিএএফ শাহীন কলেজ শিক্ষার্থীর
সোমবার, ১১ মে, ২০২৬ ১:৫৭ অপরাহ্ন
শেয়ার করুন:
নরসিংদীর মেঘনা নদীতে সহপাঠীদের সঙ্গে গোসল করতে নেমে মাহির শাহরিয়ার (১৭) নামে এক কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১১ মে) দুপুরে শহরের নাগরিয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ হওয়ার প্রায় চার ঘণ্টা পর নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মাহির শাহরিয়ার ঢাকার বিএএফ শাহীন কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি জহিরুল ইসলামের ছেলে।
সহপাঠী ওয়ালীর ভাষ্য অনুযায়ী, সোমবার সকালে বিএএফ শাহীন কলেজ ও আদমজী ক্যান্টনমেন্ট কলেজসহ ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী ট্রেনে করে নরসিংদীর নাগরিয়াকান্দি এলাকায় ঘুরতে যান। একপর্যায়ে কয়েকজন শিক্ষার্থী মেঘনা নদীতে গোসল করতে নামলে প্রবল স্রোতে মাহিরসহ তিনজন তলিয়ে যেতে থাকেন।
পরে অন্য সহপাঠীরা দ্রুত দুইজনকে উদ্ধার করতে সক্ষম হলেও মাহির শাহরিয়ার নদীর স্রোতে নিখোঁজ হয়ে যান। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না মেলায় স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল ঢাকা থেকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ চেষ্টার পর বিকেল ৪টার দিকে ডুবুরিরা নদী থেকে মাহিরের মরদেহ উদ্ধার করেন।
নরসিংদী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শিমুল মো. রফি (পিএফএম) জানান, নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় ২০ থেকে ৩০ গজ দূরে আধাঘণ্টার অভিযানের পর মাহিরের মরদেহ উদ্ধার করা হয়।
করিমপুর নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক এস এম মাকসুদুর রহমান বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। নিহতের অভিভাবক ঢাকা থেকে পৌঁছানোর পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
১২১ বার পড়া হয়েছে