পাওনা টাকা নিয়ে বিরোধে গোপালগঞ্জে সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত অন্তত ১৫
সোমবার, ১১ মে, ২০২৬ ১২:৫১ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জে বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইউপি সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
রবিবার (১০ মে) রাতে সদর উপজেলার নিজড়া গ্রামের উত্তরপাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারি শুরু হয়।
সংঘর্ষে গুরুতর আহতদের মধ্যে রয়েছেন সাবেক ইউপি সদস্য আব্দুল মান্নান খান (৬০), বর্তমান ইউপি সদস্য মেহেদী খান (৩৫), তার মা ও সাবেক মহিলা ইউপি সদস্য হাসিনা বেগম (৫৫), সোহাগ খান (৩০), খলিল খান (৩৩), ইসা খান (২৬) ও সবজি খান (৩০)। তাদের গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে ভর্তি অপর পক্ষের আরও ৬ জনকেও চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহত ইউপি সদস্য মেহেদী খান অভিযোগ করে বলেন, সাবেক ইউপি সদস্য আব্দুল মান্নান খানের মুদি দোকান থেকে প্রতিপক্ষ দীর্ঘদিন ধরে বাকি কেনাকাটা করছিল। প্রায় ৯ মাস আগে পাওনা টাকা চাইলে তারা হুমকি দেয়। এ ঘটনায় তখন থানায় মামলা করা হয়েছিল বলেও তিনি জানান।
এরই জের ধরে পরবর্তীতে প্রতিপক্ষের লোকজন আব্দুল মান্নান খানের ওপর হামলা চালায়। একপর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং উভয় পক্ষের নারীসহ অনেকে আহত হন।
এ ঘটনায় এখনো কোনো পক্ষ থানায় মামলা দায়ের করেনি।
গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ছাব্বির হোসেন জানান, আহতদের মধ্যে ১৩ জনকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের কারও মাথা ফেটেছে, আবার কারও দাঁত ভেঙে গেছে।
১১৪ বার পড়া হয়েছে