বৈশ্বিক যুদ্ধের প্রেক্ষাপটে রোহিঙ্গা সংকট আন্তর্জাতিক মনোযোগ হারাচ্ছে: প্রতিমন্ত্রী শামা ওয়াবেদ
বুধবার, ৬ মে, ২০২৬ ৫:০৯ অপরাহ্ন
শেয়ার করুন:
বৈশ্বিক বিভিন্ন যুদ্ধ পরিস্থিতির কারণে রোহিঙ্গা সংকট আন্তর্জাতিক অঙ্গনে আগের মতো গুরুত্ব পাচ্ছে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়াবেদ। বুধবার বিকেলে কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয়ে আইনশৃঙ্খলা বাহিনী, এনজিও ও আইএনজিও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, রোহিঙ্গা সংকট কেবল বাংলাদেশের সমস্যা নয়, এটি একটি বৈশ্বিক মানবিক ইস্যু, যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা অপরিহার্য।
প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে বাংলাদেশ মানবিক দায়িত্ব পালন করে আসছে। তবে এই সংকট দেশের অর্থনীতি ও জনসংখ্যার ওপর বড় ধরনের চাপ তৈরি করেছে।
অতীত প্রসঙ্গ টেনে তিনি জানান, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার শাসনামলে দুই দফায় রোহিঙ্গা প্রত্যাবাসনে অগ্রগতি হয়েছিল।
বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, মিয়ানমারের অভ্যন্তরীণ অস্থিরতা রোহিঙ্গা প্রত্যাবাসনের পথে বড় বাধা। তবুও সরকার বিভিন্ন পক্ষ—মিয়ানমার কর্তৃপক্ষ, আরাকান আর্মি, চীন, ভারত, আসিয়ানভুক্ত দেশসহ আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে।
তিনি আরও বলেন, “আমরা চাই রোহিঙ্গারা নিজ দেশে ফিরে গিয়ে নিরাপদে বসবাস করুক, জীবিকা নির্বাহ করুক এবং তাদের মৌলিক অধিকার ফিরে পাক।”
প্রতিমন্ত্রী জানান, আন্তর্জাতিক তহবিল কমে যাওয়ায় ক্যাম্পগুলোতে শিক্ষা, খাদ্য ও বাসস্থান খাতে চাপ বেড়েছে, যা নিয়ে সরকার উদ্বিগ্ন। এ বিষয়ে আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ চলছে।
এর আগে সকালে প্রতিমন্ত্রীর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে। তারা ডব্লিউএফপি খাদ্য বিতরণ কেন্দ্র, এলপিজি বিতরণ কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও অন্যান্য মানবিক সেবাকেন্দ্র ঘুরে দেখেন।
পরিদর্শন ও মতবিনিময় সভায় সংশ্লিষ্ট প্রশাসন, এনজিও ও আইএনজিও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১২১ বার পড়া হয়েছে