গণমাধ্যমে পেশাদারত্ব নিশ্চিত হলে বহু সমস্যা স্বয়ংক্রিয়ভাবে সমাধান হবে: তথ্যমন্ত্রী
বুধবার, ৬ মে, ২০২৬ ১১:১৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমে প্রকৃত পেশাদারত্ব নিশ্চিত করা গেলে এ খাতের বিদ্যমান অনেক সমস্যার সমাধান স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে।
তিনি বলেন, বর্তমান সময়ের বড় চ্যালেঞ্জ হলো—“আমাদের নীতি হচ্ছে এনালগ, কিন্তু চ্যালেঞ্জ হচ্ছে ডিজিটাল।”
আজ বুধবার (৬ মে) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ডিজিটাল যুগের দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে প্রচলিত নীতিমালার আধুনিকায়ন প্রয়োজন। সরকার কোনো কিছু চাপিয়ে দিতে চায় না; বরং “ফেসিলিটেটর” বা সহায়ক হিসেবে ভূমিকা রাখতে চায়।
তিনি আরও বলেন, সরকার জনগণকে অবাধ ও সঠিক তথ্য সরবরাহ নিশ্চিত করতে এবং অপতথ্য থেকে সুরক্ষা দিতে বদ্ধপরিকর।
মতবিনিময় সভায় ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিজেসি প্রতিনিধিদল একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করে।
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম-সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যার স্থায়ী ও টেকসই সমাধানের জন্য সংশ্লিষ্ট সব পক্ষের মতামতের ভিত্তিতে একটি “গণমাধ্যম কমিশন” গঠন করা হবে। তবে এ ক্ষেত্রে গণমাধ্যম-সংশ্লিষ্ট সকল পক্ষের মধ্যে সুস্থ ঐকমত্যের ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
তিনি আশা প্রকাশ করে বলেন, অংশীজনদের গঠনমূলক পরামর্শ এই কমিশনকে কার্যকর করতে সহায়ক হবে।
সভা ও মতবিনিময়কালে বিজেসি চেয়ারম্যান ফাহিম আহমেদ, সদস্য সচিব ইলিয়াস হোসেন এবং ট্রাস্টি সদস্য রেজোয়ানুল হক, তালাত মামুন ও নূর সাফা জুলহাজ উপস্থিত ছিলেন।
প্রতিনিধিদলের নেতারা ব্রডকাস্ট মিডিয়ার ডিজিটালাইজেশনের প্রয়োজনীয়তা, সাংবাদিকদের পেশাগত সুরক্ষা এবং ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন সংকটের কারিগরি ও নীতিনির্ধারণী দিক তুলে ধরেন।
তথ্যমন্ত্রী তাদের প্রস্তাবনাগুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন।
১২৩ বার পড়া হয়েছে