কুমিল্লায় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি—এটি হত্যা
বুধবার, ৬ মে, ২০২৬ ৪:২২ অপরাহ্ন
শেয়ার করুন:
কুমিল্লা নগরীর দেশওয়ালি পট্টি এলাকায় শ্বশুরবাড়ি থেকে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত তরুণীর নাম জান্নাতুল নাঈম ফারিয়া (২৩)। তিনি সিসিএন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি–এর শিক্ষার্থী ছিলেন। তবে পরিবারের পক্ষ থেকে এটিকে আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যা বলে অভিযোগ করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) রাতে দেশওয়ালি পট্টির কাসেম গার্ডেন ভবনের দ্বিতীয় তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পারিবারিক সূত্রে জানা যায়, ফারিয়া কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার কানগাঁও গ্রামের মো. হানিফ মিয়ার মেয়ে। প্রায় আট মাস আগে তিনি কুমিল্লা নগরীর দেশওয়ালি পট্টির মেহেদী হাসানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
শ্বশুরবাড়ির লোকজনের দাবি, ঘটনার দিন বিকেলে ফারিয়া ঘরে ঘুমানোর কথা বলে দরজা বন্ধ করেন। পরে রাত আটটার দিকে ডাকাডাকি করা হলেও সাড়া না পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে ঘরের ভেতর সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।
নিহতের বাবা মো. হানিফ অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকেই টাকার জন্য মেয়ের ওপর নির্যাতন চালানো হতো। তার স্বামী মেহেদী বেকার এবং মাদকাসক্ত ছিলেন বলেও দাবি করেন তিনি। তার মতে, এটি আত্মহত্যা নয়, বরং হত্যা।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের পর প্রকৃত কারণ নিশ্চিত করা যাবে। মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
১২৪ বার পড়া হয়েছে