যুক্তরাষ্ট্রে পশ্চিমবঙ্গ ভোট নিয়ে কোটি কোটি টাকার ডিজিটাল বাজি, এগিয়ে বিজেপি—চমক তৃণমূলের লেনদেনে
সোমবার, ৪ মে, ২০২৬ ৪:০২ অপরাহ্ন
শেয়ার করুন:
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা আজ সোমবার (৪ মে) সকাল ৮টা থেকে শুরু হয়েছে। ৭৭টি গণনা কেন্দ্রে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রথমে পোস্টাল ব্যালট গণনা করা হয়, এরপর ধাপে ধাপে ইভিএমের ভোট গণনা শুরু হয়।
নির্বাচনের ফলাফল ঘিরে পশ্চিমবঙ্গে যেমন উত্তেজনা, তেমনি আন্তর্জাতিক অঙ্গনেও দেখা যাচ্ছে অদ্ভুত এক চিত্র। বিভিন্ন অনলাইন আলোচনা ও প্রেডিকশন মার্কেটকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে পশ্চিমবঙ্গ নির্বাচনের ফল নিয়ে চলছে কোটি কোটি টাকার ডিজিটাল বাজি।
পশ্চিমবঙ্গের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, একটি জনপ্রিয় প্রেডিকশন প্ল্যাটফর্মে ২৯ এপ্রিল পর্যন্ত প্রায় ৪৮ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৪০ কোটি) লেনদেন হয়েছে। এই বাজারের সর্বশেষ হিসাব অনুযায়ী বিজেপি কিছুটা এগিয়ে রয়েছে।
পরিসংখ্যান বলছে, বিজেপির জয়ের সম্ভাবনা বর্তমানে প্রায় ৫৬ শতাংশ, যেখানে তৃণমূল কংগ্রেসের সম্ভাবনা ৪৩ শতাংশ। বাম-কংগ্রেসসহ অন্যান্য দলগুলোর অবস্থান ১ শতাংশের নিচে।
তবে এই চিত্র শুরুতে ছিল ভিন্ন। এপ্রিলের শুরুতে তৃণমূল কংগ্রেসকে শক্ত অবস্থানে দেখা গেলেও, প্রথম দফার ভোটের পর পরিস্থিতি বদলে যায় এবং বিজেপি এগিয়ে যায়। পরে কিছুদিন তৃণমূলের পক্ষে বড় অঙ্কের লেনদেন হলেও দ্বিতীয় দফার ভোট শেষে আবারও বিজেপি শীর্ষ অবস্থানে ফিরে আসে।
লেনদেনের দিক থেকে অবশ্য তৃণমূল কংগ্রেসই এগিয়ে রয়েছে। দলটির পক্ষে প্রায় ১৮ লাখ ডলারের বাজি ধরা হয়েছে, যেখানে বিজেপির পক্ষে রয়েছে প্রায় ১১ লাখ ডলার।
বিশ্লেষকদের মতে, এই ধরনের প্রেডিকশন মার্কেটে অনেকেই তৃণমূলের সম্ভাব্য পরাজয়ের ওপর বাজি ধরছেন, অন্যদিকে কিছু বড় বিনিয়োগকারী এককালীন বড় অঙ্কের টাকা বিজেপির জয়ের ওপর বিনিয়োগ করায় তাদের সম্ভাবনার হার বেড়ে যাচ্ছে।
১৯৭ বার পড়া হয়েছে