মোংলায় পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী রবিউল গ্রেপ্তার
সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬ ৭:১১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মোংলা পোর্ট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শ্রম কল্যাণ রোড এলাকায় মোংলা থানা পুলিশের এক বিশেষ অভিযানে ৪৯ পোটলা গাঁজাসহ মোঃ রবিউল গাজী (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন।
পুলিশ সূত্রে জানা গেছে, তথ্যের ভিত্তিতে মোংলা থানা পুলিশের একটি দল শ্রম কল্যাণ রোডে অবস্থিত রবিউল গাজীর বসতঘরে অভিযান চালায়। এ সময় তার ঘর থেকে সাদা কাগজে মোড়ানো ৪৯ পোটলা গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার মোট ওজন ১৫০ গ্রাম, যার আনুমানিক অবৈধ বাজার মূল্য প্রায় ৬ হাজার টাকা।
গ্রেপ্তারকৃত রবিউল গাজী মোংলা থানার ৫ নম্বর ওয়ার্ডের শ্রম কল্যাণ রোড এলাকার হাকিম গাজীর ছেলে।
এ ঘটনায় মোংলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর ১২/৬৫, তারিখ ২৬ এপ্রিল ২০২৬।
ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
১৩১ বার পড়া হয়েছে