সর্বশেষ

সারাদেশ

আশুলিয়ায় পাম্পে তেল বিক্রি শুরুর সাথেই রাস্তায় তীব্র যানজট

আবির ইসলাম, সাভার
আবির ইসলাম, সাভার

সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬ ৭:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আশুলিয়ায় পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেল বিক্রি শুরু হলেই মহাসড়কে চলাচলকারী যানবাহন ও যাত্রীদের ভোগান্তি বেড়ে যায়।

মহাসড়ক ঘেঁষে অবস্থিত পাম্পগুলোতে তেল নিতে আসা যানবাহনের দীর্ঘ সারি প্রায়ই সড়কের এক লেন দখল করে নেয়, ফলে দুই লেনের সড়ক কার্যত সরু হয়ে পড়ে এবং ব্যাহত হয় স্বাভাবিক যানচলাচল।

সরেজমিনে দেখা যায়, আশুলিয়ার অধিকাংশ পেট্রোল পাম্প মহাসড়কের পাশেই অবস্থিত। জ্বালানি নিতে আসা যানবাহনের চাপ বাড়লে পাম্পের সামনে ভিড় তৈরি হয়, যা অনেক সময় পাম্পের সীমানা ছাড়িয়ে এক কিলোমিটারেরও বেশি দূর পর্যন্ত বিস্তৃত হয়। পাম্প কর্তৃপক্ষ শৃঙ্খলা বজায় রাখতে যানবাহনগুলোকে লাইনে দাঁড় করিয়ে তেল সরবরাহ করলেও, সেই লাইন মহাসড়কের এক লেন দখল করে ফেলায় যান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে।

প্রাইভেটকার চালক আবুল কালাম আজাদ জানান, দেশের অন্যান্য এলাকার মতো আশুলিয়ার পেট্রোল পাম্পগুলোও মহাসড়ক ঘেঁষে হওয়ায় জ্বালানি সংকটের সময় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। যেদিন যে পাম্পে তেল বিক্রি হয়, সেদিন ওই এলাকায় যানজট সৃষ্টি হয়। তিনি বলেন, অনেক সময় যানবাহন লাইনে দাঁড়িয়ে এক লেন দখল করে রাখে, আবার কিছু যানবাহন লাইন ভেঙে পাম্পে ঢোকার চেষ্টা করলে পরিস্থিতি আরও খারাপ হয়ে পড়ে এবং যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।

স্থানীয় বাসিন্দা শাহিনুর ইসলাম জানান, কয়েকদিন আগে তিনি আশুলিয়ার পল্লিবিদ্যুৎ এলাকা থেকে জিরানীর উদ্দেশ্যে একটি গণপরিবহনে যাত্রা করেন। বাসে ওঠার কিছুক্ষণ পরই তিনি তীব্র যানজটে পড়েন। পল্লিবিদ্যুৎ থেকে বাইপাইল পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার পথ পাড়ি দিতে তার প্রায় দুই ঘণ্টা সময় লাগে। অথচ বাইপাইল থেকে জিরানী পর্যন্ত বাকি ছয় কিলোমিটার পথ অতিক্রম করতে সময় লাগে মাত্র ১৫ মিনিট।

তিনি আরও জানান, ওইদিন বাইপাইল বাসস্ট্যান্ড সংলগ্ন আজিজ পাম্পে তেল বিক্রি চলছিল। এতে শত শত মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন পাম্পে ভিড় করলে সেই চাপ মহাসড়কে ছড়িয়ে পড়ে এবং যান চলাচল বন্ধ হয়ে যায়। পাম্প এলাকা পার হওয়ার পর সড়ক আবার স্বাভাবিক হয়ে আসে।

সড়ক ব্যবহারকারীরা বলছেন, পাম্পে তেল বিক্রির দিনগুলোতে অতিরিক্ত যানবাহনের চাপ মহাসড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তারা দাবি জানিয়েছেন, যেদিন যে পাম্পে তেল বিক্রি হবে, সেদিন ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশ বা ট্রাফিক পুলিশ মোতায়েন করা হোক।

এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহজাহান বলেন, পাম্পে শৃঙ্খলা বজায় রাখতে থানা পুলিশ দায়িত্ব পালন করে। তবে জ্বালানি নিতে আসা যানবাহনের কারণে সড়কে যান চলাচল ব্যাহত হলে হাইওয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে। তিনি দাবি করেন, সড়ক ব্যবহারকারীদের স্বাভাবিক যাতায়াত নিশ্চিত করতে তারা সর্বদা গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, আশুলিয়ায় অন্তত ১০টি পেট্রোল পাম্প রয়েছে। এসব পাম্পে দুই থেকে তিন দিন পরপর অকটেন ও ডিজেল বিক্রি করা হয়। ফলে জ্বালানি সংগ্রহের জন্য প্রায়ই পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়, যা নিয়মিতভাবে মহাসড়কে যানজটের কারণ হয়ে দাঁড়াচ্ছে।

১৩৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন