খালিয়াজুরীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মৎস্যজীবীর মৃত্যু
সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬ ৮:১৯ অপরাহ্ন
শেয়ার করুন:
নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলায় বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আব্দুল মোতালিব (৫৫) নামে এক মৎস্যজীবীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার জগন্নাথপুর ফেরিঘাট এলাকায় ধনু নদীর পাড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মৎস্যজীবী ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজপাড়া ইউনিয়নের বাগবেড় গ্রামের বাসিন্দা ছিলেন।
পুলিশ ও তার সঙ্গে থাকা মুজিবুর রহমান জানান, সোমবার সকালে তারা তিনজন সিএনজিযোগে নিজ এলাকা থেকে বরশি দিয়ে মাছ ধরার উদ্দেশ্যে খালিয়াজুরীর ধনু নদীতে রওনা হন। ফজরের আজানের সময় তারা মদন উপজেলার উচিতপুর ঘাটে স্থানীয় মসজিদে নামাজ আদায় করেন।
পরে জগন্নাথপুর গোদারাঘাট এলাকায় ধনু নদীতে বরশি দিয়ে মাছ ধরা শুরু করেন তারা। এ সময় হঠাৎ বজ্রপাতে আব্দুল মোতালিব ঘটনাস্থলেই মারা যান। পরে মুজিবুর রহমান তার কাছে গিয়ে দেখেন তিনি মারা গেছেন।
খালিয়াজুরী থানার ওসি মো. নাসিরউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করছে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হবে বলেও তিনি জানান।
১৯৯ বার পড়া হয়েছে