সাতক্ষীরায় শিশু ধর্ষণের দায়ে ১ জনের যাবজ্জীবন কারাদণ্ড
সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ১:৪৬ অপরাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরা সাতক্ষীরার কলারোয়ায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে মো. ইব্রাহিম গাজী (৫০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সাতক্ষীরা শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক আবু বকর সিদ্দিক আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত ইব্রাহিম গাজী কলারোয়া উপজেলার পারিখুপি গ্রামের মৃত মোসলেম গাজীর ছেলে।
মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২৫ সালের ২৭ মার্চ প্রতিবেশী ওই শিশুকে বিস্কুটের প্রলোভন দেখিয়ে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করেন ইব্রাহিম গাজী। শিশুর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে এবং ইব্রাহিমকে আটক করে পুলিশে সোপর্দ করে। এই ঘটনায় শিশুর নানী খাদিজা বেগম বাদী হয়ে কলারোয়া থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সেকেন্দার আলী ২০২৫ সালের ২০ জুন আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। পরবর্তীতে ২০২৬ সালের ৭ জানুয়ারি আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। সাক্ষ্য-প্রমাণ ও দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আজ এই চূড়ান্ত রায় প্রদান করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং ট্রাইব্যুনালের বিশেষ পিপি শেখ আলমগীর আশরাফ জানান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের মামলার জট কমাতে ২০২৫ সালের ২৩ অক্টোবর সাতক্ষীরায় পৃথক এই 'শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল'-এর কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠার পর এই আদালত থেকে এটিই প্রথম কোনো মামলার রায়।
রায়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, "সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অপরাধ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত এই দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছেন।"
১৩২ বার পড়া হয়েছে