চাঁপাইনবাবগঞ্জে ইসলামী শ্রমিক-জনতার বিক্ষোভ, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের দাবি
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬ ৭:৩৮ অপরাহ্ন
শেয়ার করুন:
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তির প্রতিবাদ ও তা বাতিলের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন ইসলামী শ্রমিক-জনতা। সমাবেশে বক্তারা চুক্তিটিকে দেশের স্বার্থবিরোধী বলে দাবি করেন এবং তা পুনর্বিবেচনার আহ্বান জানান।
চাঁপাইনবাবগঞ্জ শহরের বড় ইন্দারা মোড়ে মঙ্গলবার সকাল ১১টায় ইসলামী শ্রমিক-জনতার উদ্যোগে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি দেশের অর্থনৈতিক স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে। তাঁদের মতে, চুক্তির ফলে আমদানি বাড়লেও রপ্তানি খাতে প্রত্যাশিত সুফল পাওয়া যায়নি। একই সঙ্গে কৃষি, খাদ্য নিরাপত্তা এবং স্থানীয় শিল্প খাতের ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তাঁরা।
বক্তারা আরও দাবি করেন, জাতীয় স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক কোনো চুক্তি জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। চুক্তি প্রণয়ন ও বাস্তবায়ন প্রক্রিয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনারও আহ্বান জানান তাঁরা।
সমাবেশে ভারতের পশ্চিমবঙ্গসহ বিভিন্ন অঞ্চলে মুসলমানদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করা হয়। পাশাপাশি সংখ্যালঘু ও মুসলিম জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।
বিক্ষোভ সমাবেশ থেকে কয়েকটি দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে—যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি বাতিল, ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধ রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণ, সংখ্যালঘু মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পার্বত্য চট্টগ্রামে মসজিদ নির্মাণে বাধা দেওয়ার অভিযোগে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ।
সমাবেশে ইসলামী শ্রমিক-জনতার জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
১২৩ বার পড়া হয়েছে