রোয়াংছড়িতে ১৫৫ অসচ্ছল পরিবার পেল ল্যাট্রিন নির্মাণ সামগ্রী ও নগদ সহায়তা
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬ ৭:৪৮ অপরাহ্ন
শেয়ার করুন:
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে এবং সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে ১৫৫টি পরিবারের মধ্যে ল্যাট্রিন নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ সহায়তা দেওয়া হয়।
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় সুবিধাবঞ্চিত ও দুর্দশাগ্রস্ত পরিবারের জন্য ল্যাট্রিন নির্মাণ সামগ্রী এবং নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ সহায়তা কার্যক্রমের উদ্বোধন করা হয়।
‘ওয়াশ ইন এফসি পিবিআই’ প্রকল্পের আওতায় আয়োজিত এ কর্মসূচি বাস্তবায়ন করছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন। প্রকল্পটির অর্থায়ন করছে ওয়ার্ল্ড ভিশন ইউএসএ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজনিম আলম তুলি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, তারাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উনুমং মারমা, আলেক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, নোয়াপতং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চনুমং মারমা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আয়েশা এবং রোয়াংছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাথোয়াইঅং মারমা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ওয়ার্ল্ড ভিশনের রোয়াংছড়ি এডিপির এরিয়া প্রোগ্রাম ম্যানেজার প্রকাশ চাম্বুগং। তিনি প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, অর্জন এবং উপকারভোগীদের অভিজ্ঞতা তুলে ধরেন। তাঁর ভাষ্য, নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা ও স্বাস্থ্যবিষয়ক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দুর্গম এলাকার মানুষের জীবনমান উন্নয়নে প্রকল্পটি ইতিবাচক ভূমিকা রাখছে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজনিম আলম তুলি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষার জন্য স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বিত এ ধরনের উদ্যোগ প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠান শেষে প্রকল্পের আওতায় নির্বাচিত ১৫৫টি পরিবারের মধ্যে ল্যাট্রিন নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি প্রতিটি পরিবারকে ৭ হাজার ৪৭৩ টাকা করে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
১২৫ বার পড়া হয়েছে