নড়াইলে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত, নৈতিক শিক্ষায় ইমামদের ভূমিকায় গুরুত্বারোপ
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬ ১০:৩৯ অপরাহ্ন
শেয়ার করুন:
নড়াইলে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে সঠিক ধর্মীয় ও নৈতিক শিক্ষায় গড়ে তুলতে ইমামদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি, কুসংস্কার দূরীকরণ এবং বিভিন্ন সামাজিক সমস্যার বিরুদ্ধে জনমত গঠনে ইমামদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়।
নড়াইল জেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার (১৬ জুন) জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা ইসলামিক ফাউন্ডেশনের মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে ইসলামিক ফাউন্ডেশন নড়াইল জেলা কার্যালয়ের উপপরিচালক আবু বাকির রিয়াজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি. এম. রাহসিন কবির, জেলা ইমাম সমিতির সভাপতি ও কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি ওয়াকিউজ্জামান এবং নড়াইল জেলা মডেল মসজিদের খতিব হাফেজ মো. জাকারিয়া।
বক্তারা বলেন, সমাজে ইসলামের প্রকৃত আদর্শ তুলে ধরা এবং তরুণদের মধ্যে নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে ইমামদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্মীয় শিক্ষার পাশাপাশি সামাজিক সচেতনতা তৈরিতে ইমামরা কার্যকর ভূমিকা রাখতে পারেন।
তাঁরা আরও বলেন, যৌতুক, বাল্যবিয়ে, মাদকাসক্তি ও উগ্রবাদ প্রতিরোধে জনগণকে সচেতন করতে মসজিদভিত্তিক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ইমামদের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলেও মত দেন বক্তারা।
সম্মেলনে জানানো হয়, ইমামদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, ধর্মীয় নেতৃত্বের উন্নয়ন এবং সামাজিক সম্পৃক্ততা জোরদারে বাংলাদেশ সরকার ও ইসলামিক ফাউন্ডেশন নিয়মিতভাবে জাতীয় ও জেলা পর্যায়ে বিভিন্ন প্রশিক্ষণ ও সম্মেলনের আয়োজন করে থাকে।
এ সময় জেলার বিভিন্ন মসজিদের প্রায় ২০০ জন ইমাম সম্মেলনে অংশ নেন।
১২৪ বার পড়া হয়েছে