তারাকান্দায় বিএনপির দুই পক্ষের উত্তেজনায় ১৪৪ ধারা জারি
রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ ১১:৪৪ অপরাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। এতে এলাকায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম এ আদেশ জারি করেন।
তিনি বাংলানিউজকে আদেশের সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় বিএনপির দুইটি পক্ষ একই এলাকায় একই সময়ে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
এ আদেশ দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত বলবৎ থাকবে।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহম্মেদ বলেন, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য মুফতি মাহমুদুল্লাহর অনুসারীদের সঙ্গে বিএনপির দলীয় পরাজিত প্রার্থী ও উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারের অনুসারীদের মধ্যে বিভিন্ন ইস্যুতে বিরোধ চলছিল।
২১০ বার পড়া হয়েছে