'হেক্সা মিশন সফল হবে', ব্রাজিলেই আস্থা রেখে গোবিপ্রবিতে বর্ণিল শোভাযাত্রা
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬ ১১:১৬ অপরাহ্ন
শেয়ার করুন:
বিশ্বকাপ ফুটবলে প্রিয় দল ব্রাজিলের দ্বিতীয় ম্যাচকে সামনে রেখে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) বর্ণিল শোভাযাত্রা করেছেন ব্রাজিল সমর্থকেরা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখরের নেতৃত্বে আয়োজিত এই শোভাযাত্রায় হলুদ-সবুজের জোয়ারে মেতে ওঠে পুরো ক্যাম্পাস। সেলেসাও ভক্তদের বিশ্বাস, প্রথম ম্যাচের ড্র কাটিয়ে এবার হেক্সা মিশন সম্পন্ন করবে তাদের প্রিয় দল।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হাদি চত্বর আজ বৃহস্পতিবার দুপুরের দিকে মুখরিত হয়ে ওঠে হলুদ ও সবুজ জার্সির আবহে। 'সেলেসাও ফ্যানস ক্লাব গোবিপ্রবি'র উদ্যোগে আয়োজিত এই বর্ণিল শোভাযাত্রায় অংশ নিতে বিশ্ববিদ্যালয়ের শত শত ব্রাজিল ভক্ত জড়ো হন। এ সময় অনেক ভক্তের গালে ও মুখে রঙ-তুলিতে আঁকা ছিল ব্রাজিলের প্রিয় পতাকার আলপনা।
বেলা একটার দিকে হাদি চত্বরে শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। এরপর তাঁর নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হাদি চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রা চলাকালে সমর্থকেরা হলুদ ও সবুজ আবির উড়িয়ে উল্লাস প্রকাশ করেন।
শোভাযাত্রায় অংশ নেওয়া সমর্থকেরা জানান, ব্রাজিলের ফুটবলের নান্দনিকতা ও সাম্বা ছন্দের সঙ্গে অন্য কোনো দলের তুলনা চলে না। প্রথম ম্যাচটি ড্র হলেও পরের ম্যাচগুলোতে ব্রাজিল দাপুটে জয় নিয়ে ঘুরে দাঁড়াবে। আধুনিক ফুটবলের রাজপুত্রদের ওপর ভরসা রেখে সমর্থকেরা আশা প্রকাশ করেন, এবার হেক্সা মিশন সম্পন্ন করেই ঘরে ফিরবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
শোভাযাত্রায় একাত্মতা প্রকাশ করে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, তিনিও ব্রাজিলের একজন ভক্ত। ফুটবলে একমাত্র ব্রাজিলই পারে সাম্বা ছন্দের রোমাঞ্চ উপহার দিতে। সব ধরনের জড়তা কাটিয়ে এবারের আসরে ব্রাজিল চ্যাম্পিয়ন হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি।
১০৩ বার পড়া হয়েছে